গ্যাসের দাম বাড়ানোর সরকারি উদ্যোগের তীব্র প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i21679-গ্যাসের_দাম_বাড়ানোর_সরকারি_উদ্যোগের_তীব্র_প্রতিবাদ
রাজধানীতে এক সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের আহবায়ক সৈয়দ আবুল মকসুদ জানান, জনগণকে বিপদে ফেলে সরকার রাজস্ব আয় বেশি দেখাতে গ্যাসের দাম বাড়াতে চাচ্ছে। বর্তমানে গ্যাসের যে দাম রয়েছে সেটা এমনিতেই  বেশি। এ অবস্থায় গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা সম্পূর্ণ অবৈধ।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
অক্টোবর ০১, ২০১৬ ১৮:০৭ Asia/Dhaka
  • গ্যাসের দাম বাড়ানোর সরকারি উদ্যোগের তীব্র প্রতিবাদ

রাজধানীতে এক সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের আহবায়ক সৈয়দ আবুল মকসুদ জানান, জনগণকে বিপদে ফেলে সরকার রাজস্ব আয় বেশি দেখাতে গ্যাসের দাম বাড়াতে চাচ্ছে। বর্তমানে গ্যাসের যে দাম রয়েছে সেটা এমনিতেই  বেশি। এ অবস্থায় গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা সম্পূর্ণ অবৈধ।

সৈয়দ আবুল মকসুদ  বলেছেন,  গ্যাসের দাম বাড়ানোর জন্য জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়ে সরকার জনগণের সাথে চালাকির আশ্রয় নিয়েছে।  অপরদিকে সরকার জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণার মাধ্যমে জনগণকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে।

তিনি আশংকা প্রকাশ করে বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি হলে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বাড়বে। যাতায়াত, পণ্য পরিবহন, শিল্প-উৎপাদন ও  গৃহস্থলীতে ব্যয় বৃদ্ধি ঘটবে। এক কথায় নাগরিকদের দুর্ভোগ বাড়বে।

আজকের সংবাদ সম্মেলনে প্রফেসর এম সামসুল আলম জানান, ঢাকা ও চট্টগ্রামে প্রতিদিন ৩০০ মিলিয়ন ঘনমিটার গ্যাস চুরি হয় বলে গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে গণশুনানিতে তথ্য উপস্থাপন করা হয়।এই সমস্যার প্রতিকার ছাড়া গ্যাসের দাম বৃদ্ধি হবে অযৌক্তিক ও অন্যায়। এছাড়া গণশুনানিতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব সঠিক ও যৌক্তিক প্রমাণিত না হওয়া সত্ত্বেও তা করার চেষ্টা চলছে।

এ প্রসংগে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম 'নাসফ'-এর সভাপতি জনাব মু: হাফিজুর রহমান ময়না রেডিও তেহরানকে বলেন, জনদুর্ভোগ বাড়লে সরকারের প্রতি জন অসন্তোষও বাড়বে। তাই সরকারের উচিত হবে পর্যাপ্ত সিলিন্ডার গ্যাসের ব্যবস্থা না করে গ্যাসের মূল্য বৃদ্ধি না করা ।

ওদিকে জয়পুর হাট জেলা ভোক্তা অধিকার কমিটির সদস্য এবং সরকারি দলের জেলা কমিটির নেত্রী নিলুফা জহুর লিপিও বলেন জনগণের স্বার্থের কথা বিবেচনা করে সরকারকে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করতে হবে। ভোক্তাদের স্বার্থে এ ব্যাপারে তারা জেলা কমিটির পক্ষ থেকে সরকারের কাছে লিখিত আবেদন পাঠাবেন বলে জানান তিনি।

এ অবস্থায় নাগরিক সমাজের পক্ষ থেকে ৭টি প্রস্তাব তুলে ধরেন সৈয়দ আবুল মকসুদ। প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন২২৭ নং এসআরও অনুযায়ী গ্যাসকে কর ও ভ্যাটের আওতামুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করা, গ্যাসের দাম না বাড়ানো, পেট্রোবাংলার আয়-ব্যয় খতিয়ে দেখতে অডিটের জন্য বিইআরসি’র উদ্যোগ গ্রহণ, পেট্রোবাংলার সার্ভিস চার্জ বিচারিক প্রক্রিয়ায় বিইআরসি’র মাধ্যমে নির্ধারণে আইনি বাধ্যবাধকতা আরোপ করা ইত্যাদি। #

পার্সটুডে/আব্দুর রহমান খান/মোঃ রেজওয়ান হোসেন/১