জাতীয় সম্মেলনের ঘোষণাপত্র অনুযায়ী আগামী নির্বাচনের ইশতেহার: শেখ সেলিম
https://parstoday.ir/bn/news/bangladesh-i22873-জাতীয়_সম্মেলনের_ঘোষণাপত্র_অনুযায়ী_আগামী_নির্বাচনের_ইশতেহার_শেখ_সেলিম
২০তম জাতীয় সম্মেলনের ঘোষণাপত্র অনুযায়ী আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনের ইশতেহার দেবে বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ যাতে না পড়ে, সে বিষয়টিও স্পষ্ট থাকবে বলে জানান তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ১৩, ২০১৬ ১৭:৩৬ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন শেখ সেলিম
    বক্তব্য রাখছেন শেখ সেলিম

২০তম জাতীয় সম্মেলনের ঘোষণাপত্র অনুযায়ী আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনের ইশতেহার দেবে বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ যাতে না পড়ে, সে বিষয়টিও স্পষ্ট থাকবে বলে জানান তিনি।

আজ (বৃহস্পতিবার) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঘোষণাপত্র উপ-কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন। শেখ সেলিম বলেন, অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ যাতে না পড়ে সে বিষয়টি ঘোষণাপত্রে স্পষ্ট থাকবে। আর সরকার পরিবর্তন বুলেটে নয়, ব্যালটে হবে; সেই বিষয়টিও থাকবে। দেশকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার দিক নির্দেশনাসহ ঘোষণাপত্র চূড়ান্ত হতে করা হচ্ছে। এ ঘোষণাপত্রের আলোকে আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনের ইশতেহার তৈরি করা হবে।

তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কথাটি বরাবরের মত এবারও ঘোষণাপত্রে থাকবে। দেশে একজন যুদ্ধাপরাধী থাকা পর্যন্ত তার বিচার হবে। সামাজিক নিরাপত্তা ও ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণে সরকারের নেয়া পদক্ষপের কথাও উল্লেখ করা হবে ঘোষণাপত্রে।

এদিকে, আগামী জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এ আহ্বান জানান তিনি।

নাসিম বলেন, ২০১৯ সালের নির্বাচন হবে শেখ হাসিনার নেতৃত্বে। সেই নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। এ লক্ষ্য নিয়ে সবাই কাজ করবেন।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৩