শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে যাবেন: আশরাফ
-
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, তারপরও আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারে নাই। কোনোদিনই পারবে না। আজকে অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী আওয়ামী লীগ।’
আজ (শনিবার) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলনে দলের বিভিন্ন কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করতে এসে তিনি এসব মন্তব্য করেন।
সৈয়দ আশরাফ বলেন, ‘এর আগে বহুবার আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তাজউদ্দিন, সৈয়দ নজরুল, মনসুর আলীকে হত্যা করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগকে কেউ নিঃশেষ করতে পারে নাই। জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে যাবেন।‘
তিনি বলেন, দেশের মানুষের জন্য আওয়ামী লীগ যে আত্মত্যাগ করেছে অন্য কেউ তা করে নাই। আমরা সেই রক্তের উত্তরাধিকারী। দল ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি নেই আওয়ামী লীগকে স্তব্ধ করে। আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ এগিয়ে যাবে। আওয়ামী লীগ মরবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়। হাজারো শহীদের রক্ত, জাতির পিতার রক্ত, চার জাতীয় নেতার রক্ত, হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগ। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটা অনুভূতি।’
‘চার নেতার মৃত্যু, ভাষা আন্দোলনের রক্ত, স্বাধীনতা আন্দোলনের রক্ত- সেই অনুভূতি, এ অনুভূতি থেকেই সৃষ্টি হয়েছে, নাম আওয়ামী লীগ।’
তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগকে কোনদিন শুধু রাজনৈতিক দল ভাবি নাই। আওয়ামী লীগকে ভাবছি একটি অনুভূতি। একটি অনুভূতির নাম আওয়ামী লীগ।’
আওয়ামী লীগ শুধু গতানুগতিক কোন রাজনৈতিক দল নয় উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রী বলেন, ‘পৃথিবীতে অনেক দল আছে, আওয়ামী লীগের যে আত্মত্যাগ পৃথিবীর কোন রাজনৈতিক দলের সঙ্গে তার তুলনা হয় না। এতো ত্যাগ এতে বিপর্যয়ের মধ্যে আওয়ামী লীগ এখন বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক দল।’
তিনি বলেন, ‘আমি দু’দুবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জননেত্রী শেখ হাসিনার উপদেশে আমি দলকে পরিচালনা করেছি। আওয়ামী লীগের মধ্যে কোন ভাঙন ধরেনি।’
সৈয়দ আশরাফ আরও বলেন, ‘আমি আওয়ামী লীগের সন্তান, আওয়ামী লীগের ঘরেই আমার জন্ম। আওয়ামী লীগ যখন ব্যথা পায় আমার হৃদয়ে কিন্তু ব্যথা লাগে। আওয়ামী লীগের কর্মী যদি ব্যথা পায় সেই ব্যথা আমি পাই।’
উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেটেদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আজকের এ সম্মেলন একটি ঐতিহাসিক সম্মেলন, যুগান্তকারী সম্মেলন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।’
এর আগে শনিবার সকাল ১০টা ১০ মিনিটে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#