বিএনপি এখন হতাশাগ্রস্ত ও বিপর্যস্ত একটি দল: ওবায়দুল কাদের
-
ওবায়দুল কাদের
বিএনপি এখন হতাশাগ্রস্ত ও বিপর্যস্ত একটি দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। এ নিয়ে বিএনপির বক্তব্য গ্রহণযোগ্য নয়। মানুষ কী মনে করে সেটাই বিবেচ্য বিষয়।
আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর বনানী গোরস্তানে বঙ্গবন্ধু পত্নী শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় দলের নতুন কমিটির নেতারা তার সঙ্গে ছিলেন।
বিএনপির ভূমিকার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, দলটির সব কার্যক্রম এখন প্রেস ব্রিফিংয়ের মধ্যে সীমাবদ্ধ। তাদের সঙ্গে জনগণের কোন সম্পৃক্ততা নেই।
আওয়ামী লীগের সম্মেলনে গণতন্ত্র বা কোনো অর্জন নেই, বিএনপি’র এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, এটা তারা আগে প্রমাণ করুক। যাদের নিজ দলে কোনো গণতন্ত্রের চর্চা নেই, তারা আবার গণতন্ত্রের কথা বলে?
আওয়ামী লীগ সু-শৃঙ্খল ও গণতান্ত্রিক একটি দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কাউন্সিল নিয়ে জনগণের যথেষ্ঠ আগ্রহ ছিল। এতে সম্পূর্ণ গণতন্ত্র মেনে নেতা নির্বাচন করা হয়েছে।
পরে, সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ওবায়দুল কাদের।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, সংবিধান মেনে যথা সময়ে নির্বাচন হবে। এজন্য আর ২ বছর ২ মাস সময় আছে। দলের কাউন্সিল থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করব। সেই প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। সম্মেলনে তৃণমূলের যে নেতাকর্মীরা এসেছিলেন, তাদের নির্বাচনের সার্বিক প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৭