৭টি পদ ছাড়া আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
https://parstoday.ir/bn/news/bangladesh-i24298-৭টি_পদ_ছাড়া_আওয়ামী_লীগের_পূর্ণাঙ্গ_কমিটি_ঘোষণা
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর তিনটি, সম্পাদকমণ্ডলীর তিনটি এবং উপ দপ্তর সম্পাদকের পদ খালি রেখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়েছে। গত শুক্রবার রাতেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে নামগুলো চূড়ান্ত হয়। জাতীয় সম্মেলনের এক সপ্তাহের মাথায় আজ দুপুরের পর নামসহ বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষমতাসীন দলটি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২৯, ২০১৬ ১৫:১২ Asia/Dhaka
  • আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
    আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর তিনটি, সম্পাদকমণ্ডলীর তিনটি এবং উপ দপ্তর সম্পাদকের পদ খালি রেখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়েছে। গত শুক্রবার রাতেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে নামগুলো চূড়ান্ত হয়। জাতীয় সম্মেলনের এক সপ্তাহের মাথায় আজ দুপুরের পর নামসহ বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষমতাসীন দলটি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, "আশা করি এই কমিটির সকল কর্মকর্তা ও সদস্য নিষ্ঠার সঙ্গে স্ব স্ব দায়িত্ব পালন এবং সকলের সমবেত প্রচেষ্টায় আওয়ামী লীগকে আরও সুদৃঢ় এবং শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষে ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত সমৃদ্ধ, আধুনিক রাষ্ট্র এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে জনগণকে সম্পৃক্ত করা এবং তাদেরকে সংগঠিত করতে এই কমিটি যথাযোগ্য ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।"

আটটি নতুন নাম অন্তর্ভুক্ত করে আওয়ামী লীগের ৩৭ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। এই ৩৭ জনের মধ্যে ২৯ জনের নাম আগের উপদেষ্টা পরিষদেও ছিল। বাকি আট জন হলেন- সৈয়দ আবু নসর, সতীশ চন্দ্র রায়, অধ্যাপক খন্দকার বজলুল হক, মো. রাশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, কাজী সিরাজুল ইসলাম, মকবুল হোসেন ও চৌধুরী খালিকুজ্জামান।

এই নতুন মুখের মধ্যে সতীশ চন্দ্র রায় এর আগের কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। ইয়াফেস ওসমান আগের কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পদক ছিলেন।

এই কমিটির সভাপতিমণ্ডলীর তিনটি পদ ফাঁকা রেখে জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনই ১৬ নাম ঘোষণা করেছিলেন সভাপতি শেখ হাসিনা।

দলের এবারের সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা ৭৩ থেকে বাড়িয়ে ৮১ করা হয়।

জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন সভাপতিমণ্ডলী ছাড়াও বেশ কিছু নাম ঘোষণা করেন শেখ হাসিনা। পরদিন দলের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ঘোষণা করেন বেশ কিছু নাম। আওয়ামী লীগের নতুন কমিটির কার্যনির্বাহী পরিষদের ২৮ জনের সবার নাম ঘোষণা হয়েছে। এদের মধ্যে ১০ জন আগের কমিটিতেও ছিলেন।

কার্যনির্বাহী কমিটিতে নতুন যাদের আন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মমতাজ উদ্দিন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, নুরুল ইসলাম ঠান্ডু, দীপঙ্কর তালুকদার, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরুদ্দীন আহমেদ কামরান, নজিবুল্লাহ হিরু, আমিরুল ইসলাম মিলন, রফিকুল ইসলাম, গোলাম কবির রব্বানী চিনু, রিয়াজুল কবির কাওসার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জাহানা. ড. শাম্মী আহমেদ,  সাবেক ছাত্রলীগ নেত্রী মারুফা আক্তার পপি, বিল্পব বড়ুয়া এবং রেমন্ড আরেং।

তবে, সভাপতিমণ্ডলীর তিন পদ এবং উপ দপ্তর সম্পাদক, যুব ও ক্রীড়া বিষয়ক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এবারেও  কারো নাম প্রকাশ করা হলো না।#

পার্সটুডে/এআরকে/জিএআর/২৯