বিএনপির বিপ্লব ও সংহতি দিবস ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় : হানিফ
-
মাহবুব উল আলম হানিফ
বিএনপির বিপ্লব ও সংহতি দিবসকে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ দিনের কোনো আদর্শ নেই, হত্যাকারীরাই এ দিনটিকে পালন করে বলেও জানান তিনি।
আজ (শুক্রবার) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে, জেলহত্যা দিবসের আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
হানিফ বলেন, পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা হিসেবে জেলখানাকে বিবেচনা করা হয়। কিন্তু জাতীয় চারনেতাকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যা করে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করা হয়।
তিনি আরো বলেন, বিপ্লব হয় আদর্শ থেকে। কোন আদর্শ নিয়ে ৭ নভেম্বর বিপ্লব দিবস, এমন প্রশ্ন রাখেন তিনি। সৈনিক হত্যা দিবস কখনো বিপ্লব দিবস হতে পারে না।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করে হানিফ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। এর সঙ্গে জড়িতদের কেউ রেহাই পাবে না। যেই জড়িত হোক, কঠোর ব্যবস্থা নেয়া হবে। কেউ যাতে উসকানি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেজন্য দলের নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান তিনি।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে এ আওয়ামী লীগ নেতা বলেন, সংবিধান অনুযায়ী সরকারের মেয়াদ শেষ ২০১৯ সালে জাতীয় নির্বাচন হবে। তাই এ মুহূর্তে নির্বাচন নিয়ে সংলাপ দরকার নেই। ২০১৮ সালের শেষ দিকে বা ১৯ সালের প্রথম দিকে নির্বাচনে সব দলের অংশগ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। প্রয়োজন হলে তখন সবার সঙ্গে কথাও বলা হবে।
অনুষ্ঠানে,ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারসহ অন্যরা বক্তব্য রাখেন।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/৪