দেশে সমবায় আন্দোলন জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে দাবি করেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়বো বলে আমরা ঘোষণা দিয়েছিলাম, আর ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব রূপ লাভ করেছে।
শনিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় সমবায় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “সমবায় একটি দর্শন হিসেবে গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিভাবে বাংলাদেশকে দারিদ্রমুক্ত করা যায়, ধনী-গরিব বৈষম্য কমানো যায় সে চেষ্টাই করেছেন তিনি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ক্ষুদ্রঋণের বদলে ক্ষুদ্র সঞ্চয় ব্যবস্থা চালু করা হয়েছে ।
তিনি বলেন, ‘সমবায়ের সঙ্গে যারা নিয়োজিত আছেন তারা সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। সমবায়কে যথাযথভাবে কাজে লাগাতে পারলে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবো।’
শেখ হাসিনা বলেন, ‘দেশের উন্নয়ন করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। তারপরও বহুদূর যেতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’
সমবায়কে সোনার ডিম পাড়া হাঁসের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অনেকেই একসঙ্গে অনেকগুলো ডিম পাওয়ার জন্য হাঁসের পেট কেটে ফেলি। এটা যেন না করি। বরং সমবায়ের মাধ্যমে প্রতিদিন একটা করে ডিম পাওয়ার জন্য অপেক্ষা করবো।’
অনুষ্ঠানে পাঁচটি প্রতিষ্ঠান এবং পাঁচ ব্যক্তির হাতে সমবায় পুরস্কার ২০১৪ তুলে দেন প্রধানমন্ত্রী।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৫