আমেরিকায় ট্রাম্পের বিজয়: বাংলাদেশে লাভ-ক্ষতির হিসাব-নিকাশ
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমেরিকার জনগণ রিপাবলিকান পার্টি'র প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচন করেছেন।
বিশ্বের প্রভাবশালী দেশটির সরকার বদলের নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যেও দারুণ উৎসাহ দেখা গেছে। বিশেষ করে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি তাদের দলের একজন তরুণ ভাইস চেয়ারম্যানকে পাঠিয়ে হিলারি ক্লিনটনের প্রতি প্রকাশ্য সমর্থনও জানিয়েছেন। বাংলাদেশের বেসরকারি কয়েকটি টেলিভিশন তাদের নিজস্ব প্রতিনিধি পাঠিয়ে গত দু’সপ্তাহ ধরে সরাসরি খবর পরিবেশন করে যাচ্ছে। নানা ব্যাখ্যা বিশ্লেষণ, নানা হিসাব-নিকাশ চলেছে বাংলাদেশের পত্রিকার পাতায়, টেলিভিশনের পর্দায় আর বৈঠকি আড্ডায়।
এখন নির্বাচনি ফলাফলের কারণে বাংলাদেশের সাথে আমেরিকার সরকারের সম্পর্ক, বাংলাদেশের পণ্যের আমেরিকার বাজারে বিশেষ কোনো সুবিধা পাওয়া, লক্ষ লক্ষ অভিবাসী বাংলাদেশির জন্য নতুন কোন সুযোগ বা সংকট, মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে বাংলাদেশ কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হবে কী না- এসব বিষয়ে জানতে বাংলাদেশের মানুষ বিশেষ কৌতুহল নিয়ে অপেক্ষা করছে।
এ প্রসঙ্গে দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী রেডিও তেহরানকে বলেন, ট্রাম্পের বিজয়ের পর তার অভিবাসী বা বর্ণবাদী ঘোষণাবলী বাস্তবায়ন হলে তা বাংলাদেশের জন্য কোনো সুখবর বয়ে আনবে না।
তবে সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমেদ মনে করেন, আমেরিকায় সরকার পরিবর্তনের ফলে তাদের বিদেশ নীতিতে তেমন একটা পরিবর্তন আসবে না। এ ক্ষেত্রে বাংলাদেশের তেমন কিছু লাভ বা ক্ষতির কোনো কারণ নেই।
এ প্রসঙ্গে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্য উদ্ধৃত করে বলেন, ট্রাম্পের বিজয় বিশ্বে বিপর্যয় ডেকে আনবে।
ট্রাম্পের ইসলাম বিদ্বেষী বক্তব্যের সমালোচনা করে মুফতি ফয়জুল্লাহ রেডিও তেহরানকে বলেন. ইসলামের যাত্রাপথ কখেনোই মসৃন ছিল না। ইসলামের বিরুদ্ধে যেকোনো আঘাত বা আক্রমণকে মোকাবেলা করার জন্য তিনি মুসলিম উম্মাহ ও মুসলিম নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
ওদিকে, ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান আজ এক প্রতিবেদনে বলছে, প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়; অনিশ্চিত ভবিষ্যতের মুখে যুক্তরাষ্ট্র।
তবে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়ে এক টেলিগ্রাম বার্তায় হিলারি ক্লিনটন হেরে যাওয়ার সংবাদে আনন্দ প্রকাশ করেছে ক্রেমলিন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার এক অভিনন্দন বার্তায় ট্রাম্প-এর নেতৃত্বগুণের প্রশংসা করে বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো দৃঢ় হবে বলে তিনি বিশ্বাস করেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯