সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত: হানিফ
-
মাহবুব-উল আলম হানিফ
বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে ভীত হয়ে সরকারকে বেকায়দায় ফেলতে নানা রকম ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত- এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশ করাকে কেন্দ্র করে বিএনপি সম্পূর্ণ মিথ্যাচার করেছে বলেও অভিযোগ করেন তিনি।
আজ (শুক্রবার) সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে, সম্প্রতি একটি পত্রিকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া সাক্ষাৎকারের নানা বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া তুলে ধরেন হানিফ।
তিনি আরও বলেন, বিএনপি বুঝতে পেরেছে, যে উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছে, তা যদি অব্যাহত থাকে তাহলে জনগণ আর কখনো বিএনপি-জামায়াতের মতো অভিশপ্ত দলের দিকে আর ফিরে তাকাবে না। সেজন্য তারা মরিয়া হয়ে উঠেছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য।
এ সময়, আদিবাসীদের ওপর হামলার ঘটনা তদন্তে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল গাইবান্ধার গোবিন্দগঞ্জ পরিদর্শনে যাবেন বলেও জানান হানিফ।
এদিকে, আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। আজ (শুক্রবার) সকালে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘরের সামনে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।
এ সময় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরাও অংশ নেন।
পরে বনানী কবরস্থানে সংগঠনের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনি ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগ নেতাকর্মীরা। এছাড়া, নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানেও যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১২