ধর্মের নামে এখন মানুষ হত্যা করছে বিএনপি-জামায়াত: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i25507-ধর্মের_নামে_এখন_মানুষ_হত্যা_করছে_বিএনপি_জামায়াত_প্রধানমন্ত্রী
বাংলাদেশে জঙ্গিবাদের হাত ধরেই এখন ধর্মের নামে বিএনপি-জামায়াত মানুষ হত্যা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংখ্যালঘুদের সর্বাত্মক নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। এজন্য সব ধরনের ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ১২, ২০১৬ ১৫:০২ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( ফাইল ফটো)
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( ফাইল ফটো)

বাংলাদেশে জঙ্গিবাদের হাত ধরেই এখন ধর্মের নামে বিএনপি-জামায়াত মানুষ হত্যা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংখ্যালঘুদের সর্বাত্মক নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। এজন্য সব ধরনের ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

আজ (শনিবার) বিকেলে গণভবনে বিভিন্ন জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিরোধী সচেতনতা সৃষ্টিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী বিভাগের ৮টি জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যার পর এ দেশে লুটপাটের রাজনীতি শুরু করেছিল ক্ষমতা দখলকারীরা। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এ সরকার উন্নয়ন-জনসেবার মধ্য দিয়ে জনগণকে বোঝাতে সমর্থ হয়, সরকার জনগণেরই সেবক।

এ অনুষ্ঠানের সঙ্গে সময় মিলিয়ে বিভাগের ৮ জেলার অন্তত ২ হাজার ৯৮১টি স্থানে জঙ্গিবাদবিরোধী সমাবেশ হয়। সেসব সমাবেশে প্রোজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয় প্রধানমন্ত্রীর বক্তৃতা। এ সময়, প্রয়োজনে প্রতিটি বিভাগীয় শহরে সমাবেশ করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষে সচেতন করতে জুমার নামাজের খুতবায় বয়ান দিতে দেশের ইমামদের প্রতি আহবানও জানান তিনি। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/১২