উল্টা-পাল্টা করলে খবর আছে, নেত্রী কাউকে ছাড়বেন না: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i25909-উল্টা_পাল্টা_করলে_খবর_আছে_নেত্রী_কাউকে_ছাড়বেন_না_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
নভেম্বর ১৬, ২০১৬ ১৬:২৪ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন।

আজ (বুধবার) যশোর সার্কিট হাউসে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি বলেন, 'যারা বিভেদ করবে ও শৃঙ্খলা মানবে না, তাদের আওয়ামী লীগে থাকার অধিকার নেই।' 

তিনি বলেন, জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। নেতার জন্য যে ফুল এনেছেন তা শুকিয়ে যাবে। কিন্তু মানুষের ভালোবাসার ফুল কোন দিন শুকিয়ে যাবে না।

এর আগে সকাল সোয়া আটটায় যশোর বিমান বন্দরে পৌঁছলে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মন্ত্রীকে শুভেচ্ছা জানান। পরে যশোর সার্কিট হাউসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর তিনি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। তিনি দুপুর ১২টায় কুষ্টিয়া বাইপাস সড়ক পরিদর্শন করেন।

পথে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে এক পথসভায় ওবায়দুল কাদের বলেছেন, 'জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ফুল দিয়ে নেতাদের খুশি করা যাবে না। খুশি করতে হবে জনগণকে। যে জনগণ আমাদের এমপি বানিয়েছেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন।'

তিনি বলেন, বসন্তের কোকিলেরা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আওয়ামী লীগ করতে হলে আওয়ামী লীগের নিয়ম কানুন, শৃঙ্খলা মেনে চলতে হবে। উল্টা-পাল্টা করলে খবর আছে। এইবার কিন্তু নেত্রী কাউকে ছাড়বেন না।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে। আর নেতারা ঐক্যবদ্ধ হলে কর্মীরা ঐক্যবদ্ধ হবে। এত নেতার দরকার নেই, আমাদের দরকার কর্মীর।

তিনি আরো বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের মতোই মাদক আমাদের শত্রু। দলমত নির্বিশেষে মাদককে প্রতিরোধ করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন দলের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার উপদেশ দিচ্ছিলেন ঠিক সে সময় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষে ১ জন নিহত হয়।

বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় নিহত হন সাইফুল মোল্লা (৪০) নামের এক আওয়ামী লীগ কর্মী। আহত হন ৪-৫ জন।

আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬