দেশে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে: স্বাস্থ্যমন্ত্রী
-
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (ফাইল ফটো)
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তা সহ্য করতে না পেরে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে। যত কিছুই করুক লাভ নেই। কারণ এ দেশে অপরাধ করে ছাড় পাওয়ার সুযোগ নেই।
আজ (শুক্রবার) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রক্তদাতাদের সংগঠন সন্ধানীর কেন্দ্রীয় ৩৬তম ষান্মাসিক সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসি হয়েছে। বাকিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। যারা জঙ্গিবাদ ছড়াচ্ছেন, এদেশে তাদেরও বিচার হবে।
এ সময়, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দিতে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বানও জানান তিনি। ট্রাম্পকে উদ্দেশ্য করে নাসিম বলেন, বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিন। তা হলে আপনার প্রতি বাংলাদেশের মানুষের শ্রদ্ধা আরও বেড়ে যাবে। আর ফেরত দেয়া না হলে মানবতা ভুলুণ্ঠিত হবে।
চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, অ্যাপ্রোন পরলে আগে সেবা নিশ্চিত করতে হবে। তারপর রাজনীতি। মনে রাখতে হবে, চিকিৎসকদের দায়িত্বটাই সবার আগে। মানুষের সেবা করার মানসিকতা না থাকলে এই পেশায় আসার দরকার নেই। রাজনৈতিক আন্দোলনের নামে চিকিৎসাসেবা বন্ধ করে দেয়াটা কোনোভাবেই কাম্য নয় বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যখাতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে একসঙ্গে ছয় হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে নজির সৃষ্টি করেছে। সম্প্রতি ১০ হাজার নার্সও নিয়োগ দেয়া হয়েছে।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/১৮