খালেদা জিয়ার প্রস্তাব দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করবে: ইনু
-
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
নির্বাচন কমিশন গঠন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন তা নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ (সোমবার) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার প্রস্তাবের জবাব দিতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
খালেদা জিয়ার প্রস্তাবের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, "খালেদা জিয়ার প্রস্তাব অসাংবিধানিক, অস্বাভাবিক। এ প্রস্তাব দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করবে। খালেদা জিয়া এ প্রস্তাবের মাধ্যমে দেশে অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আনতে চান। তিনি সেনাবাহিনীকে বিতর্কিত করার মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান।"
ইনু আরো বলেন, "খালেদা জিয়া জনবিচ্ছিন্ন হয়ে এখন নানা ধরনের প্রস্তাব দিচ্ছেন। এসব প্রস্তাব নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই, প্রয়োজনও নেই। যা কিছু হবে, সংবিধান অনুযায়ী হবে। সংবিধানেই সবকিছু স্পষ্ট করে বলা আছে, কীভাবে নির্বাচন কমিশন গঠন হবে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচনও হবে।"
গত ১৮ নভেম্বর রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন, সংস্কার ও শক্তিশালীকরণে ২০ দফা প্রস্তাব তুলে ধরেন। তিনি প্রতিনিধিত্বশীল সব রাজনৈতিক দলের মতামত নিয়ে বাছাই কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান। একই সঙ্গে কমিশন গঠনে দলীয় একটি প্রস্তাবনাও তুলে ধরেছেন তিনি।
তবে, খালেদা জিয়ার প্রস্তাব দৃশ্যত নাকচ করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়া যে বক্তব্য প্রদান করেছেন, আমাদের মনে হয়েছে, এটা চর্বিতচর্বণ। ৪৫ মিনিটের অন্তঃসারশূন্য বক্তব্য প্রমাণ করেছে, তিনি জনগণের ওপর আস্থাশীল নন। তাঁর বক্তব্যে এমন কিছু প্রসঙ্গ এসেছে, যা ইতিমধ্যে আমাদের সংবিধান এবং নির্বাচন আইনে অন্তর্ভুক্ত রয়েছে। এটা জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।’#
পার্সটুডে/এআর/২১