বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি: দুটি তদন্ত কমিটি গঠন
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের জরুরি অবতরণের ঘটনা তদন্তে দু'টি কমিটি গঠন করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আজ (সোমবার) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান। জ্বালানির চাপ কমে যাওয়ায় বিমান জরুরিভাবে অবতরণ করতে হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট 'পানি শীর্ষ সম্মেলন-২০১৬'তে অংশ নিতে চারদিনের সফরে রোববার (২৭ নভেম্বর) ঢাকা ত্যাগ করেন। সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।
বিমানমন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কারিগরি কর্মকর্তা ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। অপর কমিটিটি করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকারের নেতৃত্বে।
তিনি বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমিটিকে বৃহস্পতিবারের (১ ডিসেম্বর) মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।’ তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিমানের জরুরি অবতরণের ব্যাপারে রাশেদ খান মেনন বলেন, বিমানের ইঞ্জিনের ফুয়েল প্রেসার (জ্বালানির চাপ) কমে যাচ্ছিল। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে, নিয়ারেস্ট (সবচেয়ে কাছের) এয়ারপোর্টে ল্যান্ড (অবতরণ) করতে হয়। সেই হিসেবে তুর্কমেনিস্তানের আশখাবাদ ল্যান্ড করেছিল বিমানটি। সেখানেই আমাদের ইঞ্জিনিয়াররা প্লেনটি সচল করে চার ঘণ্টা পর আবার ফ্লাই করেছে। প্রধানমন্ত্রী সেই ফ্লাইটেই রাত ১১টা ৫ মিনিটে বুদাপেস্টে পৌঁছান।’
এ ঘটনায় কারো অবহেলা আছে কিনা- জানতে চাইলে রাশেদ খান মেনন বলেন, ‘আজকেই প্রাথমিকভাবে সেটা চিহ্নিত করবে তদন্ত কমিটি। তারপরই তাদের (দায়ীদের) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮