আ.লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী
-
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে প্রচার কার্যক্রম চালানোর জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অন্য কোনো দল ক্ষমতায় এলে দেশ পিছিয়ে পড়বে।কেবল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
আজ (বুধবার) বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাঙ্গেরির বুদাপেস্টের ফোর সিজনস হোটেলে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের জন্য অনেক ত্যাগস্বীকার করেছে, এ জন্যই আওয়ামী লীগ আন্তরিকভাবে দেশের উন্নয়ন চায়। দেশকে উন্নত করা আওয়ামী লীগের দায়িত্ব এবং এটি আমরা অব্যাহত রাখব, ইনশা আল্লাহ।’
প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া দল। যে দল দেশের স্বাধীনতা নিয়ে এসেছে, কেবল তারাই দেশের উন্নয়ন করতে পারে। অন্য কোনো দল তা পারবে না। এ সময় প্রবাসী বাংলাদেশিদের আগামী সাধারণ নির্বাচনের প্রচার কার্যক্রম শুরুর আহ্বান জানান তিনি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০