নারী উন্নয়নে বিশ্বে রোল মডেল বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
-
বেগম নূরজাহানকে পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশ নারী উন্নয়নে বিশ্বে রোল মডেল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মেয়েরা আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নারী উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পাচ্ছে। এরইমধ্যে নারী ক্ষমতায়ন ও উন্নয়নে সরকার ব্যাপকভাবে কাজ করেছে। বাংলাদেশ গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টে বিশ্বের ১৪২টি দেশের মধ্যে এখন ৬৮ তম স্থান অধিকার করেছে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ সপ্তম স্থান অধিকার করেছে।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে নারীর উন্নয়নে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে অ্যারোমা দত্ত ও বেগম নূর জাহানের হাতে চলতি বছরের রোকেয়া পদক তুলে দেন তিনি। সেইসঙ্গে নারীদের আরও উৎসাহী করতে আগামী বছর থেকে পাঁচজনকে এ পদক দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করার লড়াইয়ে নারীর অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য নারীর উন্নয়ন অপরিহার্য। নারীকে অবহেলা করার কোনো সুযোগ নেই। বর্তমান সরকার দেশকে দারিদ্র্যমুক্ত করতে চায়। এই লড়াইয়ে নারীদের যুক্ত না করলে স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না। নারীর কথা মাথায় রেখে সব ধরনের উন্নয়ন কর্মসূচি নেয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।
এ সময়, নারীদের অধিকার নিজেদেরই আদায় করে নেয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, শুধু মুখে বললে হবে না, অধিকার দাও। অধিকার আদায় করে নিতে হবে। সরকার নারীদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, একটু সুযোগ পেলে মেয়েরা মেধার পরিচয় দিতে পারে। তারা ভালোভাবে প্রশাসন চালাতে পারে। প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে নারীরা অবদান রেখে চলেছে। মেয়েরা সশ্রস্ত্র বাহিনী থেকে শুরু করে খেলাধুলা সব ক্ষেত্রে ভালো করছে। শিক্ষা ক্ষেত্রে মেয়েরা এগিয়ে গেছে। স্কুল-কলেজে এখন মেয়ে শিক্ষার্থী বেশি। ছেলেদের সংখ্যা কম। যারা জেন্ডার সমতা নিয়ে কথা বলেন তাদের বলি, আমাদের দেশে ঘটনা কিন্তু উল্টো। এ সময়, সংসদের উচ্চ চারটি পদে নারীর অবস্থানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এছাড়া যৌতুক, বাল্য বিয়ে, নারীর প্রতি সহিংসতা বন্ধসহ কর্মসংস্থান, ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। তৃণমূল থেকে নারী উন্নয়নে পদক্ষেপ নেয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/৯