প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি: বাংলাদেশ বিমানের ৯ প্রকৌশলীর বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯ প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ নুরে আযম জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়েল ম্যানেজমেন্ট) উইং কমান্ডার (অব.) এম এম আসাদুজ্জামান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ২৩।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ রাঙাপ্রভাতে যান্ত্রিক ক্রটি ও হাঙ্গেরি যাওয়ার পথে তুর্কমেনিস্তানের আশখাবাতে জরুরি অবতরণের ঘটনায় আসামিদের অপরাধী সাব্যস্ত করেই এই মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এসএ সিদ্দিক ও প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন। এই তিনজনকে ইতোমধ্যে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বাকি ছয় আসামি হলেন- প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান, সামিউল হক, লুত্ফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান। তারা সাময়িক বরখাস্ত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, বিমান পরিচালনা পর্ষদ সদস্য ব্যারিস্টার তানজিব উল আলম, মন্ত্রণালয়ের সচিব এসএস গোলাম ফারুক, বাংলাদেশ বিমানের এমডি মোসাদ্দেক আহমেদ ও বিমান মন্ত্রণালয়ের আইন শাখার শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে মামলাটি চূড়ান্ত করা হয়।
এর আগে ফ্লাইটে ত্রুটির ঘটনায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ফৌজদারি মামলা করার ব্যাপারে সম্মতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
গত ২৭ নভেম্বর ঢাকা থেকে বোয়িং ৭৭৭-৩০০ এয়ারক্র্যাফট রাঙাপ্রভাতের বিজি-১০১১ ফ্লাইটে হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব পানি সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুর্কমেনিস্তানের আশখাবাদে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। এ ঘটনা তদন্তে বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ৩০ নভেম্বর বিমানের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছিল। তার ভিত্তিতে দুই দফায় ৯ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছিল বিমান কর্তৃপক্ষ। অবশেষে ওই ৯ কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করা হলো।#
পার্সটুডে/এআর/২১