বিএনপিকে ৫ জানুয়ারি কোনো কর্মসূচি পালন করতে দেবে না জনগণ: হানিফ
https://parstoday.ir/bn/news/bangladesh-i29596-বিএনপিকে_৫_জানুয়ারি_কোনো_কর্মসূচি_পালন_করতে_দেবে_না_জনগণ_হানিফ
৫ জানুয়ারি, ১০ম জাতীয় নির্বাচনের বর্ষপূর্তিতে দেশের জনগণ বিএনপিকে কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর ইনস্টিটিট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত যৌথসভায় তিনি এ মন্তব্য করেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৬ ১৩:১১ Asia/Dhaka
  • আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ
    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ

৫ জানুয়ারি, ১০ম জাতীয় নির্বাচনের বর্ষপূর্তিতে দেশের জনগণ বিএনপিকে কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর ইনস্টিটিট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত যৌথসভায় তিনি এ মন্তব্য করেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ জাতীয় নির্বাচনের দিনটিকে 'গণতন্ত্র রক্ষা দিবস' হিসেবে পালন করে ক্ষমতাসীন দল। আর 'গণতন্ত্র হত্যা দিবস' হিসেবে পালন করে বিএনপিসহ সরকার বিরোধীরা।

৫ জানুয়ারির প্রেক্ষাপট তুলে ধরে হানিফ আরও বলেন, '৫ জানুয়ারি নির্বাচন দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা না হলে অগণতান্ত্রিক অপশক্তি ক্ষমতা দখলের চেষ্টা করতো। সেই নির্বাচন বানচালের জন্য বিএনপি মানুষ হত্যা করেছে। গণতন্ত্র হত্যা চেষ্টার জন্য বিএনপি অভিযুক্ত। সেই বিএনপি ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের নামে রাজপথে কোনো কর্মসূচি পালন করতে চাইলে জনগণ তা মেনে নেবে না।'

তিনি আরও বলেন, 'জঙ্গি দমনে আইন-শঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর বিএনপি নেতারা মায়াকান্না ও আহাজারি করেন। যখন তারা পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছিলো তখন কোথায় ছিলো এ মায়াকান্না। তাদের বোমা থেকে শিশুরাও রক্ষা পায়নি। বিএনপি নেতাদের এই আহাজারিতে প্রমাণ হয় জঙ্গিদের সঙ্গে তাদের সম্পর্ক আছে।' এ সময়, জঙ্গি ও সন্ত্রাসের পথ ছেড়ে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহবানও জানান এ আওয়ামী লীগ নেতা।

এ অনুষ্ঠানে, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দলের ক্ষতি পুষিয়ে নিতে বিএনপি আগামী নির্বাচনে অংশ নিলেও তাদের পরিণতি হবে নারায়ণগঞ্জের নির্বাচনের মতোই।

দল টেকাতে এবং কর্মীদের ধরে রাখতে শেখ হাসিনার অধীনেই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করে তিনি বলেন, '৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়ায় দলটি ক্রমান্বয়ে বিলুপ্তির পথে। কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। দল টিকিয়ে রাখতে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। তারা যতই এখন নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলুক না কেন, শেখ হাসিনার সরকারের অধীনেই সে নির্বাচনে অংশ নেবে।'

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে যৌথসভায় বক্তব্য রাখেন- খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৩০