বাংলাদেশে ৭৫’র পর থেকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i30604-বাংলাদেশে_৭৫’র_পর_থেকে_ষড়যন্ত্রের_রাজনীতি_শুরু_হয়_প্রধানমন্ত্রী
বাংলাদেশে ৭৫’র পর থেকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় একথা বলেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ১০, ২০১৭ ১৫:২৪ Asia/Dhaka
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধানমন্ত্রী
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধানমন্ত্রী

বাংলাদেশে ৭৫’র পর থেকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় একথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে প্রথমে লন্ডন ও পরে দিল্লি হয়ে ১৯৭২ সালের এ দিনে স্বাধীন বাংলার মাটিতে ফিরে আসেন।

জনসভায় প্রধানমন্ত্রী  বলেন, ১০ জানুয়ারি বাঙালির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশের অবিসংবাদিত নেতা ফিরে এসেছিলেন। তিনি একটি স্বাধীন দেশ কিভাবে পরিচালিত হবে সেই পথ দেখিয়েছিলেন। একটি বিধ্বস্ত দেশকে গড়ে তোলার কাজ শুরু করেছিলেন। প্রতিটি মানুষের মনে উন্নয়নের আশা জেগেছিল। ঠিক সেই সময় অন্ধকার ১৫ আগস্ট নেমে এসেছিল।

প্রধানমন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী মাঠ থেকে দেশ স্বাধীনের ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু। পাকিস্তানের হানাদার বাহিনী এই উদ্যানে আত্মসমর্পণ করে। 

এ সময় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তাঁর কাছ থেকে রাজনীতি শিখতে হবে, গণতন্ত্র শিখতে হবে—সেটা বাংলাদেশের মানুষ কোনোভাবে মেনে নেবে না। আজকে দেশের মানুষ শান্তিতে আছে, স্বস্তিতে আছে। দেশের মানুষ সুন্দর জীবনের স্বপ্ন দেখে। মানুষ যখন ভালো থাকে, তখন তাঁর অন্তরজ্বালা সৃষ্টি হয়। এটাই হচ্ছে দুর্ভাগ্যের।’

 খালেদার উদ্দেশ্যে তিনি আরো  বলেছেন, ‘এতিমের টাকা চুরি করে খেয়েছেন। এতিমের নামে টাকা এসেছে। মামলায় হাজিরা দিতে যান। একদিন যান তো ১০ দিন যান না। পালিয়ে বেড়ান, ব্যাপারটা কী? এতেই তো ধরা পড়ে যায় যে চোরের মন পুলিশ পুলিশ।’

দিবসটি উপলক্ষে, আজ সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

ভোর সাড়ে ছয়টার দিকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল করে ৩২ নম্বর সড়কের পূর্ব ও পশ্চিম পাশের মোড়ে জমায়েত হতে থাকে। সকাল সাতটার মধ্যেই সর্বস্তরের মানুষের ভিড়ে কানায়-কানায় পূর্ণ হয়ে যায় ৩২ নম্বর সড়ক ও আশেপাশের এলাকা।

সকাল সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

 পরে তিনি আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে  আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/