আমরা সবাই মিলে আমাদের দেশকে শা‌ন্তিময় করব: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i31825-আমরা_সবাই_মিলে_আমাদের_দেশকে_শা_ন্তিময়_করব_শেখ_হাসিনা
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আগামী দিনের নেতৃত্বের জন্য প্রস্তুত হতে স্কাউটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
জানুয়ারি ২৬, ২০১৭ ১৪:৩২ Asia/Dhaka
  • বাংলাদেশের  প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আগামী দিনের নেতৃত্বের জন্য প্রস্তুত হতে স্কাউটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ। তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। দেশের নেতৃত্বের জন্য তোমাদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দৃপ্ত পায়ে এগিয়ে যেতে হবে। জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণের কারিগর হবে তোমরা। তার স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য।

আজ (বৃহস্পতিবার) গোপালগঞ্জে জাতীয় রোভার মুট উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি। স্কাউটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমরা যারা এ রোভার মুটে অংশগ্রহণের সুযোগ পেয়েছ তারা অত্যন্ত সৌভাগ্যবান। আশা করব এখানে তোমরা অর্জিত অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে নিজেদের আরো দক্ষ করে গড়ে তুলবে। কারো কাছে হাত পেতে নয়, ভিক্ষা করে নয়, কারো অনুকম্পা নিয়ে নয়। আমাদের দেশকে আমরা সবাই মিলে শা‌ন্তিময় করব।

তিনি আরও বলেন, আমি আশা করি তোমরা যেভাবে সেবামূলক কাজের প্রশিক্ষণ নিচ্ছ এবং কষ্ট স্বীকার করছ। এই সেবাধর্মী কাজ আরো বড় পরিসরে হোক। জনগণ আরো সেবা পাক। বিদ্যুৎ অপচয় রোধে তোমরা যে ভূমিকা রেখেছ আমি তার জন্যে তোমাদের ধন্যবাদ জানায়। এছাড়া কোনো সম্পদের অপচয় না হয় সে ব্যপারে স্কাউটরা বিশেষ ভূমিকা পালন করে।

স্কাউটদের জন্য সরকারের নানা উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ স্কাউট আন্দোলনকে জোরদার করতে সরকার ইতোপূর্বে বাংলাদেশ স্কাউটিং সম্প্রসারণ ও স্কাউট শতাব্দি ভবন নির্মাণ’ শীর্ষক ১২২ কোটি ১০ লাখ টাকার একটি নতুন প্রকল্প অনুমোদন করেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কাব স্কাউটিং বাড়ানোর জন্যও উদ্যোগ নেয়া হবে।

এ সময়, পায়রা উড়িয়ে ১১তম জাতীয় রোভার মুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটি‌কিট উদ্বোধন করেন তিনি। পরে প্রধানমন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সপ্তাহব্যাপী জাতীয় রোভার মুটের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘শান্তিময় জীবন, উন্নত দেশ’।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৬