তারা সুন্দরবনে গিয়ে রয়েল বেঙ্গলের সঙ্গে দেখা করুক: রামপালবিরোধীদের প্রতি শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i31971-তারা_সুন্দরবনে_গিয়ে_রয়েল_বেঙ্গলের_সঙ্গে_দেখা_করুক_রামপালবিরোধীদের_প্রতি_শেখ_হাসিনা
বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতাকারীদের কঠোর সমালোচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎকেন্দ্রটি যেখানে তৈরি হবে, সেই জায়গায় না গিয়েই রামপালবিরোধীরা এর ক্ষতিকর প্রভাবের কথা বলছেন। 
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
জানুয়ারি ২৮, ২০১৭ ১৬:২১ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইইবি\'র পক্ষ থেকে উপহার দেয়া হয়।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইইবি\'র পক্ষ থেকে উপহার দেয়া হয়।

বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতাকারীদের কঠোর সমালোচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎকেন্দ্রটি যেখানে তৈরি হবে, সেই জায়গায় না গিয়েই রামপালবিরোধীরা এর ক্ষতিকর প্রভাবের কথা বলছেন। 

আজ (শনিবার) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) জাতীয় কনভেনশন উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

'রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনে নয়, রামপালে স্থাপন করা হবে' এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎকেন্দ্রটি সুন্দরবনের বাইরের সীমানা থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে নির্মিত হচ্ছে, তাই সুন্দরবনের ক্ষতির কোনো আশঙ্কা নেই।

তিনি আরও বলেন, যেখানে তার সরকার দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে, সেখানে অল্পসংখ্যক মানুষ ঢাকায় বসে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করছেন এবং দেশের বাইরেও এর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। ঢাকায় বসে তাঁরা বিক্ষোভ করছেন, তারা জীবনে কখনো রামপালে যাননি।

প্রধানমন্ত্রী বলেন, ‘রামপাল নিয়ে যারা আন্দোলন করছে তাদের অনুরোধ করব, তারা যেন সুন্দরবনে যান, রয়েল বেঙ্গলের সাথে দেখা করে তাদের জিজ্ঞেস করেন তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। এটুকু যদি তারা করেন, যদি গিয়ে দেখে আসেন, একটা রিপোর্ট দেন, আমরা তাহলে বিবেচনা করতে পারি।’

প্রধানমন্ত্রী ঠাট্টার ছলে বলেন, ‘তাদের (রয়েল বেঙ্গল টাইগার) সঙ্গে একটু কথা বলে আসুক। রয়েল বেঙ্গল অভুক্ত থাকলে তো আর উপায় নেই।’

প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন, ‘মানুষের জন্য কোনো দুঃখ নাই, মানুষের জন্য কোনো কান্না নাই, মানুষের ভালমন্দ দেখার দরকার নাই, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের জন্য তারা কাঁদছে।’

আইইবি সভাপতি কবির আহমদ ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আবদুস সবুর, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি সাদেক মো. চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন অনুষ্ঠানে বক্তব্য দেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮