ঢাকায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট, বিমানবন্দরে বিপুল সংবর্ধনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i32181-ঢাকায়_ফিলিস্তিনি_প্রেসিডেন্ট_বিমানবন্দরে_বিপুল_সংবর্ধনা
তিন দিনের সরকারি সফরে আজ (বুধবার) ঢাকা পৌঁছেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একটি বিশেষ বিমানে আজ বিকেল পাঁচটায় মাহমুদ আব্বাস ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানকে স্বাগত জানান।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০১৭ ১৫:২৯ Asia/Dhaka
  • ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
    ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

তিন দিনের সরকারি সফরে আজ (বুধবার) ঢাকা পৌঁছেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একটি বিশেষ বিমানে আজ বিকেল পাঁচটায় মাহমুদ আব্বাস ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানকে স্বাগত জানান।

বিমান থেকে নামার পরপরই দুটি শিশু মাহমুদ আব্বাসকে ফুল দিয়ে অভ‌্যর্থনা জানায়। এছাড়া, বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ২১ বার তোপধ্বনি দিয়ে মাহমুদ আব্বাসকে স্বাগত জানানো হয়। একইসঙ্গে তিন বাহিনীর সুসজ্জিত একটি দল গার্ড অব অনার দেয়। গার্ড পরিদর্শন শেষে ফিলিস্তিন প্রেসিডেন্টকে লাইন অব প্রেজেন্টেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রেসিডেন্ট আবদুল হামিদ।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, আইজিপি একেএম শহীদুল হক, প্রেসিডেন্ট কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া এবং তিন বাহিনীর প্রধান।

পরে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা করে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে লো মেরিডিয়ান হোটেলে নেয়া হয়। সফরকালে সেখানেই থাকবেন তিনি। আজ রাতে  পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। বৃহস্পতিবার  দুপুরে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন করবেন। বিকেলে প্রধানমন্ত্রী শেষ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করবেন তিনি। ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনে প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি নেতা তার সম্মানে বঙ্গভবনের নৈশভোজেও অংশ নেবেন।

এদিকে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এ সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ' মাইলফলক হিসেবে বিবেচনা করছেন ঢাকায় ফিলিস্তিনের মিশন প্রধান ইউসুফ এসওয়াই রামাদান।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের হৃদয়ে আছে ফিলিস্তিন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সফর দুই দেশের এই সম্পর্ককে আরও এগিয়ে নেবে বলে তার বিশ্বাস।

ইউসুফ এসওয়াই  আরো বলেন, আমরা সেটা অনুভব করতে পারি। আমরা সত্যিই গর্বিত এমন মানুষের সমর্থন ও সম্পর্কের জন্য। আমরা এই সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই, রক্ষা করতে চাই, লালন করতে চাই।

ফিলিস্তিনের প্রেসিডেন্টের এই সফরের মধ‌্যে দিয়ে বিশ্ব একটি স্পষ্ট বার্তা' পাবে বলেও মনে করেন মিশন প্রধান।#

পার্সটুডে/এআর/১