হাসিনা-আব্বাস বৈঠক: ফিলিস্তিনের প্রতি সমর্থন, ইহুদি বসতি স্থাপনের নিন্দা
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মাহমুদ আব্বাস
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে অবৈধ ইহুদি বসতি নির্মাণের উদ্যোগের নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি ফিলিস্তিনিদের স্বতন্ত্র জাতিসত্তার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
ঢাকায় সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আজ (বৃহস্পতিবার) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠককালে শেখ হাসিনা ‘ফিলিস্তিন ও ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন চিরন্তন’ বলে উল্লেখ করেন। দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের একটি যৌথ কমিটি গঠনে একটি সমঝোতা স্মারক সই হয়। শেখ হাসিনা ও মাহমুদ আব্বাসের উপস্থিতিতে দুই পররাষ্ট্রমন্ত্রী এতে সই করেন।
পরে বৈঠক সম্পর্কে পররাষ্ট্র সচিব শহীদুল হক প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, বৈঠকে একটি আন্তঃসরকার কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের পররাষ্ট্র সচিবরা নিয়মিত করবেন।
শহীদুল হক বলেন, ফিলিস্তিন এখন কঠিন সময় পার করছে। আমরা ইসরাইলের আগ্রাসনকে নিন্দা জানিয়েছি। মাহমুদ আব্বাস আমাদের জানিয়েছেন, তারা শান্তির্পূণভাবে আলোচনার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান। এর জন্য তিনি বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন। এছাড়া ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশ যে স্কলারশিপ দেয়, তার জন্য আব্বাস ধন্যবাদ জানিয়েছেন।
পররাষ্ট্র সচিব জানান, বৈঠকের পর বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ‘আন্তঃসরকার যৌথ কমিটি’ বিষয়ক যে সমঝোতা স্মারক সই হয়েছে তার মাধ্যমে দু’পক্ষের পররাষ্ট্র দফতরের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি হলো।
ফিলিস্তিনি প্রেসিডেন্টের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হলো বলেও তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে বঙ্গভবনে যান মাহমুদ আব্বাস। তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ। বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে সৌজন্য সাক্ষাতের পর দরবার হলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর তার সম্মানে দেয়া নৈশভোজে অংশ নেন মাহমুদ আব্বাস।
এর আগে বুধবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বুধবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। বাংলাদেশে তিন দিনের সরকারি সফর শেষে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আগামী ৩ ফেব্রুয়ারি অপরাহ্নে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন বলে জানা গেছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২