এবার নৌকায় ভোট চাইলেন- নাসিম, নৌমন্ত্রী বললেন ‘খালেদার চোখ নষ্ট হয়েছে’
https://parstoday.ir/bn/news/bangladesh-i33702-এবার_নৌকায়_ভোট_চাইলেন_নাসিম_নৌমন্ত্রী_বললেন_খালেদার_চোখ_নষ্ট_হয়েছে’
বাংলাদেশের সরকারি দল আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১৩:৫০ Asia/Dhaka
  • স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান (ফাইল ফটো)
    স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান (ফাইল ফটো)

বাংলাদেশের সরকারি দল আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ  আলোচনা সভায় মোহাম্মদ নাসিম বলেন, ‘উন্নয়নের ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আবেগ দিয়ে রাজনীতি হয় না। আজ মানুষ বুঝে গেছে- একটি দলকে যদি ধারাবাহিকভাবে ক্ষমতায় না রাখা যায় তাহলে উন্নয়ন হবে না।’

স্বাস্থ্যমন্ত্রী  নাসিম  বলেন, জঙ্গি উত্থানকারীদের বেগম খালেদা জিয়া সমর্থন করেছেন। জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছেন। আর যাই হোক, বাংলার মানুষ এই মানুষ হত্যাকারীদের আর ক্ষমতায় দেখতে চায় না। তাই আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করবে।

সংবিধান অনুযায়ি আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা। আমরা সংবিধানের বাইরে যেতে পারবো না। নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে অনেকে অনেক ফর্মুলা দিচ্ছেন। ফর্মুলা দিয়ে কোনো লাভ হবে না।

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বামদলগুলোর ডাকা হরতাল প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, রাজনীতি এখন পরিবর্তন হয়েছে। এখন হরতাল ডাকলে হয় না। হরতাল ডাকলেই হরতাল হবে এই সংস্কৃতি বাংলাদেশে আর নেই। মানুষ এখন বুঝে গেছে। মানুষ উন্নয়ন চায়। যারা হরতাল ডাকে তারাও বোঝে হরতাল হবে না।

মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বক্তব্য রাখেন।

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চোখ নষ্ট হয়ে গেছে। তাই তিনি দেশের উন্নয়ন ও সরকারের কোন ভাল কাজ দেখতে পান না। #

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৮