রাজপথে নামতে বিএনপির ভয় থাকলে রাজনীতি কেন: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i34328-রাজপথে_নামতে_বিএনপির_ভয়_থাকলে_রাজনীতি_কেন_প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি’র আন্দোলন সক্ষমতাকে ই্ঙ্গিত করে বলেছেন, ‘তারা নাকি ভয়ে রাস্তায় নামতেই পারে না। তো, এতই যদি ভয় থাকে, তাহলে রাজনীতি কেন?
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ১১, ২০১৭ ১৫:৫৪ Asia/Dhaka
  • বিএনপির সমালোচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বিএনপির সমালোচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি’র আন্দোলন সক্ষমতাকে ই্ঙ্গিত করে বলেছেন, ‘তারা নাকি ভয়ে রাস্তায় নামতেই পারে না। তো, এতই যদি ভয় থাকে, তাহলে রাজনীতি কেন?

আজ (শনিবার) দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

যুব মহিলা লীগের নেতা-কর্মীদের নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমরা ক্ষমতায় আছি। কই, বিএনপির মত ওই রকম নেতা-কর্মী বা মহিলাদের ওপর নির্যাতন করি না। করলে তো করতে পারি, করতে পারতাম। কিন্তু আমরা তা করি না।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৯৩ দিন তাঁর গুলশান কার্যালয়ের অবস্থানের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নেত্রী অফিসে বসে হুকুম দিল অত্যাচার করো, মানুষ মারো, আগুনে মানুষ পোড়াও। সবকিছু করো, যাতে সরকার উৎখাত হয়। উনি প্রতিজ্ঞা করে বসেছিলেন, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত উনি ঘরে ফিরে যাবেন না। আমি যদি ওনাকে জিজ্ঞাসা করি, উনি ঘরে ছিলেন, না রাস্তায় ছিলেন? উনি কী জবাব দেবেন?’

বিএনপি-জামায়াতের আন্দোলনে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা অত্যাচার করে সরকার উৎখাত করতে চেয়েছিল। কিন্তু জনগণ সাড়া দেয়নি। জনগণই তাদের সন্ত্রাস ও জঙ্গিবাদ ঠেকায়। তখন এটা বন্ধ হয়।’

বিএনপি ক্ষমতাকে ভোগের বস্তু মনে করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তারা যখনই ক্ষমতায় এসেছে, তখনই অর্থসম্পদের মালিক হয়েছে। মুষ্টিমেয় কিছু লোককে অর্থসম্পদের মালিক করেছে। এটা ছাড়া তারা আর কিছুই করেনি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালের নির্বাচনের আগে আমেরিকান কোম্পানি আমাদের গ্যাস বিক্রি করতে চাইলো ভারতের কাছে। আর খালেদা জিয়া ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়েই ক্ষমতায় এসেছিলো। ওই নির্বাচনে আওয়ামী লীগকে হারানো হয়েছিল।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন,‘নারীর উন্নয়নে, নারীর ক্ষমতায়নে আমরা যে ব্যাপক কাজ করে যাচ্ছি। বিদেশেও নারীরাও যাচ্ছে। তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও সরকার করছে।’ নারীদের এ উন্নয়নের কথা জনগণকে জানানোর আহ্বান জানান তিনি।

সম্মেলন শেষে যুব মহিলা লীগের সভাপতি পদে নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক পদে অপু উকিলকে  বিনা প্রতিদন্দ্বীতায় পুন:নির্বাচিত বলে ঘোষণা করা হয়। 

২০০২ সালে প্রতিষ্ঠিত সংগঠন যুব মহিলা লীগের প্রথম সম্মেলন হয় ২০০৪ সালের ৫ মার্চ। #

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/১১