শেখ হাসিনা সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব: ওবায়দুল কাদের
-
নারায়ণগঞ্জ ও কুমিল্লার নির্বাচন প্রমাণ করে শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব: ওবায়দুল কাদের
বাংলাদেশের নারায়ণগঞ্জ এবং কুমিল্লা সিটি নির্বাচন প্রমাণ করে, বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (শুক্রবার) সকালে গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা পয়েন্টে গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরমান ট্রান্সপোর্ট প্রজেক্টের আওতায় ফ্লাইওভারের নির্মাণ কাজ উদ্বোধনের পর, তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব সময়ই একটা অভিযোগ করে আসছে যে, শেখ হাসিনার আমলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। নারায়ণগঞ্জের মতো কুমিল্লায়ও প্রমাণ হয়েছে নির্বাচন কমিশন অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে পারে। আর এটাই আমাদের বড় সাফল্য।
তিনি আরও বলেন, আমাদের অভিষ্ট লক্ষ্য ছিল একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সম্পন্ন করার। প্রধানমন্ত্রীরও নিদের্শ ছিল তাই। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করেছি। তবে কুমিল্লাতে আমাদের দলের অভ্যন্তরীণ সমস্যা ছিল। তাই দলকে আমরা ঐক্যবদ্ধ রাখতে পারি নাই।
এদিকে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইউনাইটেড ইসলামিক পার্টির তৃতীয় বার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, আমাদের দলের কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই নির্বাচনে প্রভাব পড়েছে। আমাদের সাংগঠনিক সম্পাদককে সব তথ্য নিয়ে আসার জন্য বলা হয়েছে। দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে।
হানিফ বলেন, স্থানীয় নির্বাচনে অনেক সময় দলের মধ্যে অনেক গ্রুপিং-ট্রুপিং বা ছোট-খাটো দ্বন্দ্বের কারণে নেতিবাচক প্রভাব পড়ে। যেটা কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পড়েছে। দলের পদে থেকে দলকে বার বার নিজের ব্যক্তিস্বার্থ কিংবা দ্বন্দ্বের কারণে বিপদের মুখে ঠেলে দেয়া বরদাশত করা হবে না। যারা এ নির্বাচনের সময় দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়েছে, দ্বন্দ্ব সৃষ্টি করেছে, প্রত্যেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে কমিশন ব্যর্থ হয়েছে, বিএনপির এমন অভিযোগের সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, নির্বাচন কমিশন কোথায় ব্যর্থ হলো? স্থানীয় এই নির্বাচনে আপনাদের প্রার্থী জয়ী হয়েছে। আর এই নির্বাচনের পর আপনারা যদি মনে করেন থাকেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবেন, তাহলে প্রস্তুত হোন, ভোটে নামুন। জনগণের আস্থা কার প্রতি আছে, তা প্রমাণ হয়ে যাবে। আমাদের দৃঢ় বিশ্বাস, আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে জনগণ।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/৩১