আগামী নির্বাচনে আসার প্ল্যাটফর্ম হিসেবে খালেদা জিয়ার রূপকল্প ২০৩০ ঘোষণা: খাদ্যমন্ত্রী
-
বাংলাদেশের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসার প্রাথমিক প্ল্যাটফর্ম হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রূপকল্প ২০৩০ ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এ রূপকল্পকে ভেল্কিবাজির ভিশন আখ্যা দিয়ে তিনি বলেন, এসব করে আগামীতে বিএনপির রাষ্ট্রক্ষমতায় ফিরে আসার কোন সম্ভাবনা নেই।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর তোপখানার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচনে আসতে নতুন একটা প্লাটফর্ম তৈরির জন্য খালেদা জিয়া সেদিন দুই ঘন্টার বক্তব্য রেখেছেন। আমরা তাদের স্বাগত জানাই। আমরা তাদের সাথে নির্বাচনে লড়তে চাই। তাদেরকে ছাড়া মাঠে আমরা একা গোল দিতে চাই না।
খাদ্যমন্ত্রী আরো বলেন, মানুষ আর তাদের বক্তব্য বা রূপকল্পে বিভ্রান্ত হয় না। মানুষ এই সন্ত্রাসী দলকে চিনে ফেলেছে। তাদের চরিত্র মানুষের সামনে উন্মোচিত হয়েছে। তাই বিএনপির আর রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা নেই।
এদিকে, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো কয়েকবার রাষ্ট্রক্ষমতায় থাকার সুযোগ দেয়া হলে, ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।
আজ (শুক্রবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের ভিশন নকল করে ধরা পড়েছেন খালেদা জিয়া। তার ভিশন যে নকল, তার প্রমাণ আওয়ামী লীগে ভিশন-২১ এর মধ্যে আছে। সেখান থেকে চুরি করে তথ্যপ্রযুক্তি খাতকে প্রধান রপ্তানি খাত হিসেবে ঘোষণা করেন বিএনপি নেত্রী।
সন্ত্রাসী সংগঠনের কালিমা মুছতে ভিশন-২০৩০ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, যতই চেষ্টা করুন, বিশ্ব সমাজের কাছে আপনাদের চেহারা পরিবর্তন হবে না। রংধনু আকাশে হঠাৎ এসে হাওয়ায় মিলিয়ে যায়। খালেদা জিয়ার ভিশনও ঠিক সে রকম। খালেদা জিয়া ঘোষণা করেছেন কিন্তু তারপর আর কোনো খবর নেই।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/১২