‘বিএনপি বেপরোয়া, কখন যে কোন্ দুর্ঘটনা ঘটবে তা নিয়ে শঙ্কায় আছি’
https://parstoday.ir/bn/news/bangladesh-i38518-বিএনপি_বেপরোয়া_কখন_যে_কোন্_দুর্ঘটনা_ঘটবে_তা_নিয়ে_শঙ্কায়_আছি’
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো ইস্যু না পেয়ে বেপরোয়া বিএনপি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের সমালোচনা শুরু করেছে। তারা একটার পর একটা ইস্যু খোঁজে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ২৩, ২০১৭ ১৪:৩৭ Asia/Dhaka
  • বাংলাদেশের  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
    বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো ইস্যু না পেয়ে বেপরোয়া বিএনপি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের সমালোচনা শুরু করেছে। তারা একটার পর একটা ইস্যু খোঁজে।

আজ (মঙ্গলবার) রাজধানীর বিমানবন্দর সড়কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চলমান মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি খালি একটার পর একটা ইস্যু খোঁজে। তাদের সব ইস্যু শেষ পর্যন্ত মাঠে মারা যায়। বেপরোয়া গাড়ি, বেপরোয়া ড্রাইভারের মতো বেপরোয়া বিএনপি। কখন যে কোন দুর্ঘটনা ঘটবে, সেটি নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। যে কার্যালয়ে বসে বিএনপি গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র হয়েছিল, সেই কার্যালয়ে বসেই বিএনপি নেতারা এখন গণতন্ত্র রক্ষার কথা বলছেন। যে অফিসে গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র হয়েছে, সেই অফিসকে বলছে গণতন্ত্রের প্রতীক। সবাই জানে সেখান থেকে ১৬৫ জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেছেন,  বাংলাদেশে এখন সবচেয়ে খারাপ সময় চলছে। গণতন্ত্রের মুখোশে দেশে এক ব্যক্তির শাসন চলছে।

সোমবার বিকেলে রাজধানীর হোটেল পূর্বাণীর বলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সামিট প্রসঙ্গে বলেন, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সম্মেলনে প্রায় সভাপতিত্ব করছেন বলা যায়। সেখানে আমাদের প্রধানমন্ত্রীও উপস্থিত হয়েছেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের।

তিনি আরো বলেন, দেশে মানবাধিকার বলতে কিছু নেই। গোটা দেশের মানুষ আজ জিম্মি হয়ে গেছে। নামে মাত্র একটা পার্লামেন্ট আছে। সেখানে  নামে মাত্র একটি বিরোধীদল আছে। এই পার্লামেন্টে জনগণের সমস্যা নিয়ে কোনো আলোচনা হয় না।

গুলশানের কার্যালয়ে পুলিশি তল্লাশির ঘটনা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এই আক্রমণ শুধু দেশনেত্রীর কার্যালয়ের ওপর নয়, এটা গণতন্ত্র ও বাংলাদেশের মানুষের ওপর আক্রমণ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে বদলে দেওয়ার জন্য যে নতুন ধারার সূচনা হচ্ছে তা নির্মূলে সরকার এই কাজটি করেছে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৩