খালেদা জিয়া বাংলাদেশের খেয়ে পাকিস্তানের গান গাইছেন: আমির হোসেন আমু
https://parstoday.ir/bn/news/bangladesh-i40694-খালেদা_জিয়া_বাংলাদেশের_খেয়ে_পাকিস্তানের_গান_গাইছেন_আমির_হোসেন_আমু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তীব্র সমালোচনা করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। খালেদা জিয়া পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া বসবাস করে বাংলাদেশে, খায় দায় বাংলাদেশে, গান গায় পাকিস্তানের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২২, ২০১৭ ১৪:০৬ Asia/Dhaka
  • খালেদা জিয়া বাংলাদেশের খেয়ে পাকিস্তানের গান গাইছেন: আমির হোসেন আমু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তীব্র সমালোচনা করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। খালেদা জিয়া পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া বসবাস করে বাংলাদেশে, খায় দায় বাংলাদেশে, গান গায় পাকিস্তানের।

আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন শিল্পমন্ত্রী। এর আগে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে বিএনপির প্রস্তাবের সমালোচনা করে আমু বলেন, তারা পাকিস্তানের প্রেমে পাকিস্তানের দালালদের নিয়ে সরকার গঠন করে, আজকে তারা বাংলার অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। পাকিস্তানিরা যেমন বুঝতে পেরেছিল বঙ্গবন্ধুকে হত্যা না করলে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঘাত করা যাবে না। ঠিক তেমনি বিএনপি বুঝতে পেরেছিল শেখ হাসিনাকে হত্যা না করলে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। তাই বার বার তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। কিন্তু মহান রাব্বুল আলামিন শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন।

এদিকে, আগামী নির্বাচনে না আসলে বিএনপির পরিণতি মুসলিম লীগের চেয়ে খারাপ হবে বলে আবারও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (বৃহস্পতিবার) দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোড এলাকায় বিআরটিএর মোবাইল কোর্ট কার্যক্রম পরির্দশনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সংবিধানে সহায়ক সরকার বলে কোনও বিধান নেই। দুনিয়ার কোনও গণতান্ত্রিক দেশে সহায়ক সরকার বলে নির্বাচনকালিন কোনও সরকার নেই। তাহলে বাংলাদেশে কেন বেগম জিয়া এ আশা করছেন। আমাদের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে বেগম জিয়া আসবেন সেটাও আমরা জানি। কারণ এ নির্বাচনে আসার জন্য তাদের নিজেদের দলের ভেতরই চাপের মুখে আছেন। এই নির্বাচনে না আসলে বিএনপির পরিণতি মুসলিম লীগের চেয়ে খারাপ হবে। এ ধরনের অস্তিত্বের ঝুঁকি বেগম জিয়া নেবেন বলে আমার বিশ্বাস হয় না।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/মুজাহিদুল ইসলাম/২২