ইরান থেকে দেশে ফিরলেন ৫ নাবিকসহ আরও ১৪ বাংলাদেশি
-
ইরান থেকে ফিরলেন আরও ১৪ বাংলাদেশি
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান থেকে আরও ১৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। ইরানের ওপর আমেরিকার চাপিয়ে দেওয়া যুদ্ধের ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ওই ১৪ বাংলাদেশি দেশে ফিরলেন।
তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে ফেরা বাংলাদেশিদের মধ্যে ২ শিশু, ৩ নারী এবং ৯ জন ছিলেন পুরুষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানের বুশেহর প্রদেশের গেনাভেহ বন্দরে আটকাপড়া ৫ নাবিক, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুযগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে থাকা ৫ বাংলাদেশি নাগরিক এবং সংঘাত শুরুর আগে চিকিৎসার জন্য এসে আটকেপড়া ৪ বাংলাদেশি নাগরিক এই দলে ছিলেন।
তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় ৫ জন নাবিকের দলটি আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে ৯ এপ্রিল রওনা হয়ে ১০ এপ্রিল নিরাপদে ঢাকায় অবতরণ করেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ দূতাবাস তেহরান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ১৮৬ বাংলাদেশি নাগরিককে আজারবাইজান হয়ে দেশে ফেরত পাঠায়। ইরানের রাজধানী তেহরান থেকে যাতায়াত ও নিরাপত্তা বিবেচনাপূর্বক এবারে আর্মেনিয়া হয়ে এই ১৪ জন নাগরিককে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে দূতাবাস।
দূতাবাস এই পুরো প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতা প্রদানের জন্য ইরান সরকার, আর্মেনিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
বাংলাদেশ দূতাবাস এই সংকটের শুরু থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইরানে আটকেপড়া এবং বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা প্রদান, নিয়মিত জরুরি সহায়তা প্রদান এবং দেশে ফেরত পাঠানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি এই সফল অভিযান প্রমাণ করে যে, সংকটকালীন পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত নাগরিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সদা অঙ্গীকারাবদ্ধ।#
পার্সটুডে/এমএআর/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।