বিএনপি নির্বাচনে নাকি নির্বাসনে যাবে, সেটা তাদের বিষয়: হাছান মাহমুদ
-
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নির্বাচনে অংশ নেবে নাকি নির্বাসনে যাবে, সেটা তাদের নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি করে বিএনপির কোন লাভ হবে না। কারো আবদার পূরণে নির্বাচনকালীন সরকারের ক্ষেত্রে সংবিধানের একচুল ব্যতয় করা হবে না। এতে বিএনপি নির্বাচনে যাবে, নাকি জনগণের কাছ থেকে নির্বাসনে যাবে, সেটা তাদের ব্যাপার। তবে, এবার নির্বাসনে গেলে আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ পাবে না।
আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ৯১তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন হাছান মাহমুদ।
চিকিৎসা নয়, ষড়যন্ত্রের উদ্দেশ্যে লন্ডন গেছেন বিএনপি চেয়ারপারসন এমন মন্তব্য করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া রমজানের সময় প্রতিদিন বলতেন ঈদের পরে আন্দোলন শুরু হবে। আন্দোলন করার জন্য তিনি লন্ডনে চলে গিয়েছেন। অনেকে বলছে, তিনি আর ফেরত আসবে কি না সন্দেহ আছে।
অনুষ্ঠানে, বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে মন্তব্য করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সুষ্ঠু একটা নির্বাচন হবে এটাকেই বিএনপি ভয় পায়। তার জন্যই এত ষড়যন্ত্র এত কথাবার্তা এবং নিবার্চন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। অহেতুক কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করার আহবানও জানান তিনি।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/২০