বাংলাদেশ সীমান্তে বিজিপি'র গুলি, ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
https://parstoday.ir/bn/news/bangladesh-i44860-বাংলাদেশ_সীমান্তে_বিজিপি'র_গুলি_ঢাকায়_মিয়ানমারের_রাষ্ট্রদূতকে_তলব
ঢাকায় নিযুক্ত মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে নতুন করে সেনা অভিযানের মুখে রোহিঙ্গা মুসলমানরা যখন জীবন বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশ করছে তখন দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হলো।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২৬, ২০১৭ ১৫:১৭ Asia/Dhaka
  • কক্সবাজারে সীমান্তের নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টায় হাজারো রোহিঙ্গা
    কক্সবাজারে সীমান্তের নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টায় হাজারো রোহিঙ্গা

ঢাকায় নিযুক্ত মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে নতুন করে সেনা অভিযানের মুখে রোহিঙ্গা মুসলমানরা যখন জীবন বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশ করছে তখন দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হলো।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছে, আজ (শনিবার) বিকেলে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তাকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) মাহবুব জামান। এসময় রাখাইনে সংঘটিত হামলার নিন্দা জানানো হয়েছে। রোহিঙ্গারা যেন দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশ না করে সে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে অং মিন্টের কাছে একটি অনানুষ্ঠানিকপত্র হস্তান্তর করেছে ঢাকা।

মিয়ানমার থেকে বাংলাদেশ ভূখণ্ড লক্ষ্য করে গুলি!

মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যরা বাংলাদেশ ভূখণ্ডে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ (শনিবার) দুপুরে বান্দরবান-মিয়ানমার সীমান্তের তুমব্রু বিজিপি ক্যাম্প থেকে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।   

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান জানিয়েছেন,  “বেলা সোয়া ১টার দিকে তারা তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।”

তার দাবি, বাংলাদেশ ভূখণ্ডের দিকে নয়, মিয়ানমারের ভেতরেই গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

রোহিঙ্গাদের নৌকা

বাংলাদেশ সীমান্তে শক্তি বৃদ্ধি

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) পক্ষ থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি বিজিবি-কোস্ট গার্ড

মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে নতুন করে সেনা অভিযানের মুখে   জীবন বাঁচাতে বাংলাদেশে দলে দলে অনুপ্রবেশ করছে রোহিঙ্গা মুসলমান নারী-পুরুষ ও শিশুরা।

বিজিবি'র সদস্যদের ছুটি বাতিল

এদিকে, নদীপথে এবং স্থল পথে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে ২৪ ঘণ্টা কঠোর নজরদারি রাখছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ড। টেকনাফ-২ বিজিবি'র সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে।

রাখাইনে এ মাসে নতুন করে সেনা মোতায়েনের পর থেকেই আতঙ্কিত রোহিঙ্গারা  ছোট ছোট দলে ভাগ হয়ে গত দুই সপ্তাহে নাফ নদী পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফে এবং স্থলসীমান্ত অতিক্রম করে উখিয়ায় প্রবেশ করে।

তবে বৃহস্পতিবার গভীর রাতে সেনা অভিযান শুরু হলে হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায়। টেকনাফ ও উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় শতাধিক রোহিঙ্গা। সীমান্তের ওপারে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়ের আশায় অবস্থান করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, গতকাল শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং, উলুবনিয়া, লম্বাবিল পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় মিয়ানমারের ১৭ জন নাগরিককে আটক করে ফেরত পাঠানো হয়েছে। গতকালও আশ্রয়প্রার্থী ১৪৬ জনকে ফেরত পাঠিয়েছে বিজিবি ।

নাফ নদীর তীরে বিজিবি'র প্রহরা

আহত রোহিঙ্গা যুবকের মৃত্যু

তাছাড়া, মিয়ানমারের রাখাইন রাজ্যে গুলিবিদ্ধ মো. মুসা নামে ২২ বছর বয়ষ্ক এক রোহিঙ্গা যুবক বাংলাদেশে অনুপ্রবেশের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেখানে ২৭ বছর বয়সী মো. মোক্তার নামে গুলিবিদ্ধ আরও এক রোহিঙ্গা চিকিৎসাধীন আছেন।

মিয়ানমার সরকার বলছে, বৃহস্পতিবার রাতে 'রোহিঙ্গা বিদ্রোহীরা' উত্তরের মং ডু শহরে একযোগে ৩১টি পুলিশ পোস্টে হামলা চালিয়েছে। এর জের ধরে বৃহস্পতিবার  রাত থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর যৌথ হামলা শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনী।

এসব হামলার ঘটনায় ৭৭ রোহিঙ্গা ও মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন একটি প্যানেল নিপীড়িত মুসলিম সম্প্রদায় রোহিঙ্গাদের উপর বিধিনিষেধ উঠিয়ে নেয়ার আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা

এর আগে গত বছর অক্টোবরের ঘটনায় রোহিঙ্গা মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন শুরু হলে একে ‘এথনিক ক্লিনজিং’ বা রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করার অভিযান বলে আখ্যায়িত করেছিল আন্তর্জাতিক মহল। তবে মিয়ানমার  সরকার এরকম অভিযোগ সম্পূর্ন অস্বীকার করে আসছে।

সেনা অভিযানের মুখে প্রাণ বাঁচাতে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। গত কয়েক দশকে ৫ লাখের বেশি রোহিঙ্গা এদেশে আশ্রয় নিয়েছে বলে দাবি সরকারের। তাদের ফেরত নিতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে বাংলাদেশ। তবে এখনো প্রত্যাশিত সাড়া দেয়নি মিয়ানমার।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৫