সংসদে রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব না রাখায় আমরা বিস্মিত: ফখরুল
-
বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "রোহিঙ্গাদের দেখতে যাওয়া এবং তাদেরকে কিছু ত্রাণ দেওয়ার মধ্য দিয়ে অনেক পর হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভবুদ্ধির উদয় হয়েছে। আমরা খুশি হয়েছি। তবে সংসদে মিয়ানমার সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব না রাখায় আমরা বিস্মিত হয়েছি।"
আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবদল আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, এতদিন প্রধানমন্ত্রী সেখানে যাননি। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রী ও তুর্কি ফার্স্ট লেডি এসে চলে গেছেন। এরপর জাতিসংঘের মহাসচিবের চিঠি পাওয়ার পরই প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দেখতে গেছেন। এর আগে রোহিঙ্গাদের মধ্যে সন্ত্রাসী আছে কি না, তা খুঁজেছে আওয়ামী লীগ।
'রোহিঙ্গাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিতে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে কূটনৈতিক চাপ প্রয়োগের লক্ষ্যে সোমবার পার্লামেন্টে উত্থাপিত প্রস্তাবের সমালোচনা করে ফখরুল বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমার সরকারকে চাপ দিতে হবে বলে প্রস্তাব উত্থাপিত হয়েছে। অথচ রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা চলছে তার জন্য কোনো নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়নি। সরকারের এমন আচরণের জন্য আজ আমরা এই সমাবেশ থেকে নিন্দা জানাই।
তিনি বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র ফোবিয়ায় আক্রান্ত। কিছু হলেই তারা ষড়যন্ত্র খুঁজে পায়। সবকিছুর জন্য বিএনপিকে দায়ী করে। আওয়ামী লীগকে এই রোগমুক্ত হতে হবে বলেও মন্তব্য করেন ফখরুল।
অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ সোচ্চার হলেও সরকার ইস্যুটি থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছে।
তবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে উদ্দেশ্য করে পেট্রোল বোমা মেরে যারা মানুষ পুড়িয়েছে তাদের মুখে রোহিঙ্গাদের নিয়ে মায়াকান্না মানায় না।
গতকাল রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক দল আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ বলেছিন, রোহিঙ্গা ইস্যুতে রাজনীতিতে নেমেছে বিএনপি। রোহিঙ্গাদের দুদর্শায় ছুটে আসতে পারতেন খালেদা জিয়া। তা না করে তিনি লন্ডনে বসে রয়েছেন।

কক্সবাজারে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল
এদিকে, মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ দিতে আজ (মঙ্গলবার) কক্সবাজারে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে প্রতিনিধি দল সরেজমিনে কক্সবাজারের উদ্বাস্তু এলাকা পরিদর্শন এবং আশ্রিত রোহিঙ্গাদের মাঝে ওষুধ ও খাবার বিতরণ করবে।
প্রতিনিধি দলের আরো রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও শামসুজ্জামান দুদু।
লন্ডনে অবস্থানরত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে রোহিঙ্গা শরণার্থীশিবিরে ত্রাণ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। এ ব্যাপারে সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠক হয়। ওই বৈঠকে প্রতিনিধিদল চূড়ান্ত করা হয়।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১২