উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণ, পিতা-পুত্র নিহত
https://parstoday.ir/bn/news/bangladesh-i46073-উখিয়ায়_রোহিঙ্গা_ক্যাম্পে_বন্য_হাতির_আক্রমণ_পিতা_পুত্র_নিহত
বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থীদের নতুন ক্যাম্প এলাকায় বন্য হাতির আক্রমণে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে উখিয়ার কুতুপালং মধুরছড়া গুলশান পাহাড়ে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ সময় আরো কয়েকজন রোহিঙ্গা নারী আহত হয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১২:০০ Asia/Dhaka
  • বন্য হাতি (ফাইল ফটো)
    বন্য হাতি (ফাইল ফটো)

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থীদের নতুন ক্যাম্প এলাকায় বন্য হাতির আক্রমণে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে উখিয়ার কুতুপালং মধুরছড়া গুলশান পাহাড়ে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ সময় আরো কয়েকজন রোহিঙ্গা নারী আহত হয়েছেন।

নিহতরা হলেন, মিয়ানমারের রাখাইন থেকে আসা রোহিঙ্গা শামছুল আলম (৫৫) ও তার দুই বছর বয়সী ছেলে সৈয়দুল আমিন। আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. কায় কিসলু স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানান, রোববার দিবাগত রাত ১২টার দিকে অকস্মাৎ হাতির পাল আক্রমণ করে। ওখানে সম্প্রতি ঘর করে বাস করা রোহিঙ্গারা হাতির পাল তাড়াতে চেষ্টা করে। এসময় লোকজনের উপর আক্রমণ করে বসে। এ ঘটনায় আরো কয়েকজন নারী আহত হয়েছে বলে খবর পেয়েছি; যাদের কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাজাপালং ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, তার ইউনিয়নের কুতুপালং মধুরছরা গুলশানপাহাড় দুর্গম এলাকা। এবার আসা রোহিঙ্গারা দুর্গম পাহাড়েও আশ্রয় নিয়েছে, যা হাতির নিয়মিত বিচরণ ক্ষেত্র। নিহতদের স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮