কাঁদলেন ওবায়দুল কাদের: রোহিঙ্গাদের সেবায় ঝাঁপিয়ে পড়ার নির্দেশ
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোহিঙ্গাদের সেবায় মানবতার কাজে ঝাঁপিয়ে পড়তে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন।
আজ (মঙ্গলবার) দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং এলাকায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এ নির্দেশ দেন। এসময় তিনি রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের অমানুষিক নির্যাতনের কথা শুনে এবং তাদের দুর্দশা দেখে কেঁদে ফেলেন।
ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, অসহায় নর-নারী, শিশু; কতদিন এরা খায়নি। আমরা এসেছি ওদের জন্য কিছু করতে। এই বৃষ্টির মধ্যে কী কষ্ট। কাল সারারাত বৃষ্টি। আজকে তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে। এদের সহযোগিতা করতে হবে। আজকে আমাদের স্লোগান একটা-মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এর বাইরে কোনো স্লোগান নেই। আমরা মনের থেকে, আবেগের থেকে, চেতনা থেকে, অনুভূতি থেকে আমরা তাদের সাহায্য করছি।’
ওবায়দুল কাদের বলেন, ‘এখন শুধু একটাই স্লোগান হবে- মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্য। এই স্লোগানে রোহিঙ্গাদের সেবায় মানবতার কাজে ঝাঁপিয়ে পড়তে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হলো।’
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, রোহিঙ্গাদের প্রতি মানবতা বা নৈতিক কারণে নয়, রাজনৈতিক কারণে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের অবস্থান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থা অস্পষ্ট দাবি করে আমীর খসরু বলেন, ‘এটি বাংলাদেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তার প্রশ্ন। সুতরাং রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে হবে। রোহিঙ্গা ইস্যুতে সরকারের অবস্থান আমি মনে করি এখনো স্পষ্ট নয়।’
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু এটা আওয়ামী লীগ বিএনপির বিষয় নয়, এটা জাতীয় ইস্যু। আমরা বারবার সহযোগিতার কথা বলে আসছি, কিন্তু কী সহযোগিতা করব। আমাদের ত্রাণ দিতে দেয়া হচ্ছে না।’
এসময় তিনি আরও বলেন, ‘ত্রাণ দেয়া বন্ধ করতে পারবেন, কিন্তু জনগণকে ভোট দেয়া থেকে বিরত রাখতে পারবেন না। জনগণের ভোটের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।’#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯