রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন ও রাশিয়াকে পাশে পাবে বাংলাদেশ: কাদের
-
বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের
রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন ও রাশিয়াকে পাশে পাবে বাংলাদেশে- এমনটাই আশাবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়া এখন সহানুভূতি দেখাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আজকের বৈঠকে চীন ও রাশিয়া সমর্থন দিয়ে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস করবে বলে আশা করা যায়।
আজ (বৃহস্পতিবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত রক্তদান ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী জাতিসংঘে যে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন, তা সারা বিশ্বে প্রশংসা পেয়েছে। জাতিসংঘ তা গ্রহণ করেছে। রোহিঙ্গা ইস্যুতে ভূমিকা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি বিপন্ন বিশ্ব মানবতার বাতিঘর।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা আজ বিশ্বশান্তির অগ্রদূত। মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রমাণ দিয়েছেন, তিনি বিশ্ব মানবতার বাতিঘর, লাইট হাউস অব ওয়ার্ল্ড হিউম্যানিটি।’
প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেএ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিকের পথ অতিক্রম করে রাষ্টনায়ক হয়েছেন। কারণ, একজন রাজনীতিক একটি নির্বাচনের পর আরেকটি নির্বাচন নিয়ে চিন্তা করে। আর একজন রাষ্ট্রনায়ক পরবর্তী জেনারেশন নিয়ে চিন্তা করেন। শেখ হাসিনা পরবর্তী জেনারেশন নিয়েই চিন্তা করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মদিনে কেক কেটে উৎসব না করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। উৎসবের অর্থ বা তার সমপরিমাণ অর্থ রোহিঙ্গাদের সাহায্য করতে পাঠানো হবে।
'শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের খবর ভিত্তিহীন'
এদিকে, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের খবর ভিত্তিহীন। এর কোনও সত্যতা নেই। শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে। আল্লাহতালা তাকে বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন, দেশের মানুষ তার দীর্ঘায়ু কামনা করছেন। কেউ তার অনিষ্ট করতে পারবে না।
আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এর আগে, আখাউড়া উপজেলায় আওয়ামী লীগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন আইনমন্ত্রী।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৮