রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি নয়, জাতীয় ঐক্য গড়ে তুলুন: মির্জা ফখরুল
-
বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি না করে আবারও জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "রোহিঙ্গাদের ত্রাণ নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করছে। আন্তর্জাতিক সংস্থা, দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ত্রাণ দখলে নিয়ে সরকার লোক দেখানো ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন উঠছে।"
আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "মিয়ানমারের শাসকগোষ্ঠী গণহত্যা ও নির্যাতন চালিয়ে প্রায় সাড়ে চার লাখ নিরীহ রোহিঙ্গা মুসলমানকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে এখন সবচেয়ে বড় দরকার জাতীয় ঐক্য। কিন্তু আওয়ামী লীগ ও সরকারের পক্ষ থেকে বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সাড়া পাওয়া যায়নি। রাষ্টের সব শক্তিকে নিয়ে জাতীয় ঐক্য ছাড়া রোহিঙ্গা পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়। অথচ সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নানা কথা বলে অহেতুক বিতর্ক সৃষ্টি করছেন।"
বিএনপি মহাসচিব আরও বলেন, "২৬ ও ২৭ আগস্ট নাফ নদীতে রোহিঙ্গা লাশ দেখেও সরকার মানবিক হতে পারেনি। সে সময়, ওবায়দুল কাদের বলেছিলেন, রোহিঙ্গাদের সঙ্গে সন্ত্রাসী ও মাদক আছে কিনা খতিয়ে দেখতে হবে। কিন্তু আওয়ামী লীগ নেত্রীর পুরস্কারের আশায় এখন ওবায়দুল কাদের সাহেবরা ডাবল স্ট্যান্ডার্ড দেখাচ্ছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ২৮ আগস্টের দাবির পরই বহির্বিশ্বে ও দেশে রোহিঙ্গা পরিস্থিতি বদলে যায়। সমস্যার শুরু থেকে বিএনপি প্রতিদিন অভাবনীয় ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। বিএনপির দাবির কারণে সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করেছে। রোহিঙ্গারা ফেরত না যাওয়া পর্যন্ত সেনাবাহিনীকে এই পরিস্থিতি সামলাতে হবে।"
'নির্বাচনে রোহিঙ্গা ইস্যুকে কাজে লাগাতে চায় আ. লীগ'
এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। অথচ রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেয়ার বিষয়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি।
আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী আহমেদ বলেন, "ওবায়দুল কাদের সাহেবরা জাতীয় ঐক্য চাইবেন না। কারণ তারা রোহিঙ্গা সংকটের সমাধান চান না। রোহিঙ্গা নিয়ে রাজনীতি করে তারা আরো বেশ কিছুটা সময় ক্ষমতায় টিকে থাকা যায় কি না, সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর জাতিসংঘ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরা নিয়ে সংশয় প্রকাশ করেছে। এটা সরকারের চরম ব্যর্থতা।"
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও মোয়াজ্জেম হোসেন আলাল। #
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৮