রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
-
বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব মানবতা যেখানে পদদলিত, সেখানে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'বাংলাদেশ ওলামা লীগ' আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মোজাম্মেল হক বলেন, মিয়ানমারে বর্বরোচিত রোহিঙ্গা নির্যাতন হচ্ছে। একটি জাতিসত্তাকে নিশ্চিহ্ন করতে নির্মমতা চালাচ্ছে দেশটির সরকার। প্রধানমন্ত্রীর উদারতায় মিয়ানমারের সঙ্গে সব বর্ডার খুলে দেয়া হয়েছে। যেখানে মানবতা পদদলিত সেখানে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। শেখ হাসিনার মানবিক দৃষ্টিভঙ্গির কারণে রোহিঙ্গারা শরণার্থী হিসেবে আশ্রয় পেয়েছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা মুসলমানদের জন্য শেখ হাসিনা যা করছেন, তার জন্য তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করছে বিশ্ব মিডিয়া। তাকে বৃটিশ পত্রিকা ‘মাদার অব হিউম্যানিটি’ আখ্যা দিয়েছে। আমার মতে, তাকে দেয়ার মতো যথার্থ উপাধি এটা।
আলোচনা সভায়, ওলামা লীগের আহ্বায়ক হাফেজ মওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো বক্তব্য রাখেন।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৮