রোহিঙ্গাদের বাংলাদেশে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ দেয়ার আহ্বান ও প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i46695-রোহিঙ্গাদের_বাংলাদেশে_দীর্ঘমেয়াদে_বসবাসের_সুযোগ_দেয়ার_আহ্বান_ও_প্রতিক্রিয়া
মিয়ানমার সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের নির্যাতন থেকে বাঁচতে যেসব রোহিঙ্গা পালিয়ে এসেছেন তারা সহসা বাংলাদেশ ছেড়ে যাবে না মন্তব্য করে তাদের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৭ ১৭:০৯ Asia/Dhaka

মিয়ানমার সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের নির্যাতন থেকে বাঁচতে যেসব রোহিঙ্গা পালিয়ে এসেছেন তারা সহসা বাংলাদেশ ছেড়ে যাবে না মন্তব্য করে তাদের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

সংস্থাটির প্রধান ফিলিপ্পো গ্রান্ডি ঢাকা সফর করে জেনেভায় ফিরে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জাতিসংঘের কাছে এ সংক্রান্ত একটি ‘টেকনিক্যাল কমিটি’ গঠনের বিষয়ে আলোচনা করেছেন, যাতে রোহিঙ্গাদের বাংলাদেশে দীর্ঘ মেয়াদে বসবাসের সুযোগ থাকবে।

এদিকে, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশকে বিশেষ সাহায্য দেবার আগ্রহ প্রকাশ করেছেন। বুধবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি জানিয়েছেন, উদ্বাস্তু খাতের এ বিশেষ  ঋন সহায়তা পেতে হলে বাংলাদেশ সরকারের শরণার্থী বিষয়ে একটি নীতিগত কাঠামো তৈরি করতে হবে।  

মিয়ানমারে জাতিসংঘ প্রতিনিধিদলের সফল বাতিল

ওদিকে, জাতিসংঘের একটি প্রতিনিধিদলের মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের একটি নির্ধারিত সফর মিয়ানমার সরকার হঠাৎ করেই বাতিল করে দিয়েছে। ইয়াংগুনে জাতিসংঘ মুখপাত্র স্তানিস্লাভ সেলিঙ বিবিসিকে জানান, সরকার এই সফর বাতিল করার পেছনে কোনো কারণ দেখায়নি।

রোহিঙ্গা মুসলমানরা কেন পালাতে বাধ্য হয়েছে সেটা রাখাইনে গিয়ে তদন্ত করার জন্য জাতিসংঘের এ প্রতিনিধিদলের মিয়ানমার সফর কথা ছিল।

অধ্যাপক এম শহিদুজ্জামান

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শহিদুজ্জামান রেডিও তেহরানকে বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশের ছোট একটি এলাকায় দীর্ঘমেয়াদে অবস্থান করতে হলে তা হবে বাংলাদেশের জন্য মারাত্মক এক বিপর্যয়ের কারণ।

তিনি মনে করেন, রাখাইনে রোহিঙ্গাদের উচ্ছেদ করে চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সূযোগ সৃষ্টি করে দেয়া হলে তা ভারত বা পশ্চিমা বিশ্বের জন্যও স্বস্তির কারণ হবে না।

চীন-রাশিয়াকে পাশে পাবার আশা কাদেরের

এদিকে, বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন ও রাশিয়াকে পাশে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীতে দলীয় এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়া এখন সহানুভূতি দেখাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আজকের বৈঠকে চীন ও রাশিয়া সমর্থন দিয়ে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ওবায়দুল কাদের

'রোহিঙ্গা নিয়ে রাজনীতি করছে আ. লীগ'

তবে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে বলেছেন, রোহিঙ্গা নিয়ে রাজনীতি করে তারা আরো বেশ কিছুটা সময় ক্ষমতায় টিকে থাকা যায় কিনা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী এমন্তব্য করেন 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, সরকার  জাতীয় ঐক্য চাইবেন না, কারণ তারা রোহিঙ্গা সঙ্কটের সমাধান চা না। সে কারণেই ওবায়দুল কাদের বলেছে, রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বিএনপি না থাকলেও সমস্যা নেই। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮