রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান চায় বাংলাদেশ, ঢাকা আসছেন সু চির মন্ত্রী
-
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ব
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, মিয়ানমারের হত্যাযজ্ঞ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে দ্রুত সমাধান চায়।
আজ (রোববার) সকালে রাজধানীতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের প্রস্তুতিমূলক সভায় মাহমুদ আলী বলেন, মিনানমারে জাতিগত নিধনের শিকার হয়ে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর আগে থেকে প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল। এতে বাংলাদেশে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ বিশ্বাস করে, আন্তর্জাতিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন। এর আলোকে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার দ্রুততম সমাধান চায়।
ঢাকা আসছেন সু চির মন্ত্রী
এদিকে, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা করতে আগামীকাল সোমবার ঢাকা আসছেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তরবিষয়ক মন্ত্রী উ কিয়া তিন্ত সোয়ে।
মিয়ানমারের মন্ত্রী রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। আলোচনা শেষে সোমবারই ঢাকা ত্যাগ করবেন তিন্ত সোয়ে।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থং তুন রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
গত ২৫ আগস্টে শুরু হওয়া নির্যাতনের জের ধরে পাঁচ লাখ এক হাজার ৮০০ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী। রোহিঙ্গাদের ওপর চলা নির্যাতনে নিন্দা জানায় বিশ্বের বিভিন্ন দেশ। গত বৃহস্পতিবার এ সংকট সমাধানে মিয়ানমার সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১