রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে ৩ 'মুরুব্বি' দেশকে বোঝাতে হবে: বি. চৌধুরী
-
বক্তব্য রাখছেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী
রোহিঙ্গা সংকট সমাধানে চীন, রাশিয়া ও ভারতের রাষ্ট্র প্রধানদের সঙ্গে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
আজ (রোববার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারের অস্ত্রের যোগানদাতা হচ্ছে চীন, রাশিয়া এবং ভারত। কাজেই মিয়ানমার থেকে জীবনের ভয়ে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠাতে হলে তাদের (মিয়ানমার) মুরুব্বি তিন দেশ ও দেশের রাষ্ট্রপ্রধানদের বোঝাতে হবে; পক্ষে আনতে হবে।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীকে চীন, রাশিয়া ও ভারতের রাষ্ট্রপ্রধানদের ফোন করতে হবে, প্রয়োজনে এ তিন দেশে সফরে যেতে হবে। যদি তিন মুরুব্বিকে বুঝানো যায়; তাহলে রোহিঙ্গা সমস্যা সমাধান সম্ভব, অন্যথায় সম্ভব নয়।
মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
এদিকে, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়াসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ মাসেই মিয়ানমার সফরে যাচ্ছেন।
রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে। তাই এ মাসেই মিয়ানমার যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সফরের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, মিয়ানমার সফরের বিষয়টি আগেই আলোচনায় ছিল। ২৫ আগস্টের পর পরিস্থিতি পাল্টেছে। এখন সফরে আলোচনার প্রধান বিষয় হবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি। এজেন্ডা ঠিক করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজ করছেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২