ইসির সঙ্গে বিএনপির সংলাপ: সংসদ ভেঙে দেয়াসহ ২০ দফা দাবি
https://parstoday.ir/bn/news/bangladesh-i47521-ইসির_সঙ্গে_বিএনপির_সংলাপ_সংসদ_ভেঙে_দেয়াসহ_২০_দফা_দাবি
সহায়ক সরকারের অধীন আগামী নির্বাচন অনুষ্ঠান, বিচারিক ক্ষমতা দিয়ে সেনা বাহিনী নিয়োগ, ই-ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার না করা এবং ভোটের আগে সংসদ ভেঙে দেয়াসহ ২০ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৫, ২০১৭ ১৪:৩৮ Asia/Dhaka
  • ইসির সঙ্গে বিএনপির বৈঠক
    ইসির সঙ্গে বিএনপির বৈঠক

সহায়ক সরকারের অধীন আগামী নির্বাচন অনুষ্ঠান, বিচারিক ক্ষমতা দিয়ে সেনা বাহিনী নিয়োগ, ই-ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার না করা এবং ভোটের আগে সংসদ ভেঙে দেয়াসহ ২০ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৬ সদস্যর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের আয়োজিত সংলাপে অংশ নিয়ে এই প্রস্তাব দেয়। আজ (রোববার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে রোববার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা এই সংলাপ চলে। এ সময়ে চারজন নির্বাচন কমিশনার ছাড়া নির্বাচন কমিশন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কমিশনের খুব বেশি কিছু করার নেই। তারপরও এই সংলাপের পর বিএনপি কিছুটা আশাবাদী। 

অন্যদিকে, সকালে সংলাপের শুরুতেই সিইসি বলেন, বিএনপির সংলাপের দিকে পুরো জাতি তাকিয়ে আছে। এই দলটি তিন দফা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। বহুদলীয় গণতন্ত্রের সূত্রপাত করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশের উন্নয়নে বিএনপির ভূমিকা অনেক। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে পরামর্শ নিতে গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসার মধ্যদিয়ে শুরু হয় নির্বাচন কমিশনের সংলাপ।

বিএনপি'র ২০ দফা দাবির মধ্যে আরো রয়েছে- বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে মিথ্যা ও বানোয়াট অভিযোগে দায়েরকৃত সব হয়রানিমূলক ফরমায়েশী মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে; এসব মামলায় গ্রেফতারকৃত সকল রাজনৈতিক নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে; গুম-খুন-হয়রানি বন্ধ করতে হবে; সব রাজনৈতিক দলকে এখন থেকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ তৈরি করে দিতে হবে, সব দলের জন্য এখন থেকে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি করতে হবে, প্রতিরক্ষা বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে নির্বাচনের অন্তত সাত দিন আগে থেকে মোতায়েন করতে হবে এবং তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করতে হবে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১৫