রোহিঙ্গা ও ফিলিস্তিন সমস্যা সমাধানে দৃঢ় পদক্ষেপ নিন: জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/bangladesh-i47678-রোহিঙ্গা_ও_ফিলিস্তিন_সমস্যা_সমাধানে_দৃঢ়_পদক্ষেপ_নিন_জাতিসংঘে_বাংলাদেশের_রাষ্ট্রদূত
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন রোহিঙ্গা ও ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানে সমন্বিত ও দৃঢ় পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিন সমস্যাসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর স্থানীয় সময় বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত এক উন্মুক্ত আলোচনায় তিনি এই আহ্বান জানান।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৯, ২০১৭ ১৬:০০ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন
    জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন রোহিঙ্গা ও ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানে সমন্বিত ও দৃঢ় পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিন সমস্যাসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর স্থানীয় সময় বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত এক উন্মুক্ত আলোচনায় তিনি এই আহ্বান জানান।  

পরে এক বিবৃতিতে জাতিসংঘে বাংলাদেশের এই স্থায়ী প্রতিনিধি বলেন, "ইতোপূর্বে ও সাম্প্রতিক সময়ে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক জান্তাদের মাধ্যমে জোরপূর্বক বাস্তুচ্যুত বিপুল জনগোষ্ঠীকে আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এই সমস্যার ভয়াবহতা উপলব্ধি করতে পারছি এবং সঙ্গত কারণেই ফিলিস্তিনি ভূখণ্ডে দীর্ঘস্থায়ী এই অবৈধ দখল ও ফিলিস্তিনি জনগণের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করছি।"

রোহিঙ্গা শরণার্থী

তিনি আরও বলেন, "বাংলাদেশ গত তিন দশক ধরে রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করছে। এ সমস্যা সমাধানে মিয়ানমারের সঙ্গে  বাংলাদেশের দ্বিপক্ষীয় কূটনৈতিক প্রচেষ্টায় আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্মিলিত ও দৃঢ় পদক্ষেপ প্রত্যাশা করছি। নিরাপত্তা পরিষদ এসব দীর্ঘস্থায়ী সংকটের শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের লক্ষ্যে ঐক্যমত্য প্রদর্শন করছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ; তা না করলে দীর্ঘমেয়াদী এই সমস্যা আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দেবে।"

ইসরাইলি হামলায় ফিলিস্তিনি বাড়ি ধ্বংস

ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোভাবের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, "আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার ও জনগণ সবসময় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দুই রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে একটি স্বাধীন, টেকসই, সুসংহত ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায়ের ন্যায়সঙ্গত সংগ্রামে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে।"

তিনি ফিলিস্তিনি উদ্বাস্তুদের কার্যকর মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে জাতিসংঘ সংস্থা আনরোয়া'কে বর্ধিত ও পর্যাপ্ত তহবিল সরবরাহ নিশ্চিতকল্পে বাংলাদেশের জোরালো অবস্থানের কথা তুলে ধরেন।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৯