রোহিঙ্গা সংকট রাতারাতি সমাধান হবে না: জাতিসংঘের আবাসিক প্রতিনিধি
https://parstoday.ir/bn/news/bangladesh-i48098-রোহিঙ্গা_সংকট_রাতারাতি_সমাধান_হবে_না_জাতিসংঘের_আবাসিক_প্রতিনিধি
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি. ওয়াটকিনস বলেছেন, রাতারাতি রোহিঙ্গা সংকট সমাধান হবে না। এজন্য মিয়ানমার সেনাবাহিনী বা শুধু রাখাইন নয়, গোটা মিয়ানমারের মানসিকতা পরিবর্তনের প্রয়োজন রয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ০২, ২০১৭ ১৩:১৭ Asia/Dhaka
  • রবার্ট ডি. ওয়াটকিনস (মাঝে)
    রবার্ট ডি. ওয়াটকিনস (মাঝে)

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি. ওয়াটকিনস বলেছেন, রাতারাতি রোহিঙ্গা সংকট সমাধান হবে না। এজন্য মিয়ানমার সেনাবাহিনী বা শুধু রাখাইন নয়, গোটা মিয়ানমারের মানসিকতা পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর বারিধারার একটি হোটেলে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ডিক্যাব টকে তিনি এ কথা বলেন। সংস্থাটির দায়িত্ব পালন শেষে ঢাকা ছাড়ছেন ও কূটনীতিক।

রবার্ট ওয়াটকিনস বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশ আলোচনা চালাচ্ছে। চার দশক বছর ধরে মিয়ানমারে জাতিসংঘ কাজ করছে। কিন্তু ছয় মাস রাখাইনে জাতিসংঘ কাজ করতে পারেনি, তাই মিয়ানমার সম্পর্কে ধারণা কম।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি. ওয়াটকিনস 

তিনি আরো বলেন, জাতিসংঘ চায় রোহিঙ্গা তাদের নিজ বাড়িতে ফেরত যাক। শুধু মিয়ানমারের যেকোনো এলাকায় ফিরলে হবে না। তাদের ঘরবাড়ি তৈরি করে দিতে হবে। তারা যেন নিরাপদে ঘরে ফিরতে পারে। 

জাতিসংঘের ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, তিন দফায় উদ্যোগ নিয়েও মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনতে না পারা জাতিসংঘের ব্যর্থতা। তবে প্রচেষ্টা অব্যাহত আছে; রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে জাতিসংঘ। দুই মাসে ৭ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে এসেছে। তাদের মানবিক আশ্রয় দিয়ে সরকার ভালো কাজ করছে। তবে রোহিঙ্গাদের শরণার্থীর স্বীকৃতি দেবে কিনা, তা বাংলাদেশের নিজস্ব বিষয়।

রোহিঙ্গা শরণার্থী

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘের এ কর্মকর্তা বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু করতে প্রতিষ্ঠানকে শক্তিশালী করার বিকল্প নেই। সবার অংশ গ্রহণের আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে এই আশা করি। সব কিছুই ইতিবাচক চলছে। জাতিসংঘ বিশ্বাস করে সম্পূর্ণ কার্যকরী গণতন্ত্রই বিশ্বের জন্য ভালো। কার্যকর গণতন্ত্র ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়।

জঙ্গি ও সন্ত্রাস দমনে সরকারের পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, আমার তিন বছরের দায়িত্ব পালনে দেখেছি নিরাপত্তা বাহিনী উল্লেখযোগ্য উন্নতি করেছে। সবচেয়ে বড় কথা হল তারা সমস্যা চিহ্নিত করতে পেরেছে। হলি আর্টিজান হামলার পর জঙ্গিবাদের ভয়াবহতা অনুধাবন করতে পেরেছে বাংলাদেশ।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২