রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করুন: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i48173-রোহিঙ্গাদের_ফিরিয়ে_নিতে_মিয়ানমারের_ওপর_চাপ_প্রয়োগ_করুন_প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ০৫, ২০১৭ ০৯:৫২ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ (রোববার) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অমানবিক নির্যাতন এবং তাদের দেশ ছাড়তে বাধ্য করা শুধু এ অঞ্চলে নয়,এর বাইরেও অস্থিরতা তৈরি করছে। মিয়ানমার সরকারের এমন আচরণের জন্য সেখান থেকে ৬ লাখ ২২ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। ১৯৭৮ সাল থেকে বিভিন্ন সময়ে আসা আরও প্রায় ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।’

নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা

প্রধানমন্ত্রী বলেন, ‘রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অমানবিক নির্যাতন এবং তাদের জোরপূর্বক বিতাড়িত করে দেওয়া শুধু এ অঞ্চলে নয়, এর বাইরেও অস্থিরতা তৈরি করেছে। সম্প্রতি মিয়ানমার সরকারের নির্যাতনমূলক আচরণের কারণে সেখান থেকে ৬ লাখ ২২ হাজারেরও বেশি অধিবাসী বাংলাদেশে প্রবেশ করেছে।’

কমনওয়েলথ পার্লামেন্টারির ভাইস প্যাটার্ন শেখ হাসিনা বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িকভাবে আমরা মিয়ানমার থেকে পালিয়ে আসা বিপুলসংখ্যক রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দিয়েছি। আপনাদের অনুরোধ জানাবো, রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বের সঙ্গে আলোচনা করুন। মিয়ানমারকে তাদের নাগরিকদের ওপর নির্যাতন বন্ধ করতে এবং বাংলাদেশে আসা সেদেশের নাগরিকদের ফিরিয়ে নিতে চাপ প্রয়োগ করুন।’

ওবায়দুল কাদের

মিয়ানমারের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা চাইলেন কাদের

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এবং তাদের ওপর জাতিগত নিধন ও গণহত্যা বন্ধে দেশটির ওপর জাতিসংঘের অবরোধ আরোপের দাবি জানিয়েছেন।

আজ (রোববার) সকালে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সামাজিক সংগঠনের ত্রাণসামগ্রী ও আর্থিক অনুদান গ্রহণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি জানান।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে পুরো বিশ্ব মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করছে। আশা করছি, মিয়ানমার কিছুদিনের মধ্যেই কোণঠাসা হয়ে পড়বে।

কাদের আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বিশ্ববাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছেন। আর খালেদা জিয়া এবং তার দল সমালোচনা ও মিথ্যাচারে লিপ্ত রয়েছেন।’

তিনি নেতা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় কক্সবাজারের স্থানীয়দের উদারতার কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৫