শেখ হাসিনার সঙ্গে সুইস প্রেসিডেন্টের বৈঠক: রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা
https://parstoday.ir/bn/news/bangladesh-i52531-শেখ_হাসিনার_সঙ্গে_সুইস_প্রেসিডেন্টের_বৈঠক_রোহিঙ্গা_ইস্যুতে_বাংলাদেশের_প্রশংসা
রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেছেন সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে। তিনি বলেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশ যে মানবিক ভূমিকা পালন করছে, সেটাকে সাধুবাদ জানাচ্ছে সুইজারল্যান্ড। এই সংকটের সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রশ্ন জড়িত। মানবতা, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে এই সংকটের সমাধানে বাংলাদেশের পাশে থাকবে সুইজারল্যান্ড।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৮ ১৪:৫৫ Asia/Dhaka
  • সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক
    সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেছেন সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে। তিনি বলেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশ যে মানবিক ভূমিকা পালন করছে, সেটাকে সাধুবাদ জানাচ্ছে সুইজারল্যান্ড। এই সংকটের সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রশ্ন জড়িত। মানবতা, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে এই সংকটের সমাধানে বাংলাদেশের পাশে থাকবে সুইজারল্যান্ড।

আজ (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের তার সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এর আগে দুপুর ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিমুল হলে একান্ত বৈঠকে বসেন শেখ হাসিনা ও বেরসে। তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তারা। দ্বিপক্ষীয় বৈঠকের পরই করবী হলে এসে যৌথ বিবৃতি দেন দুই নেতা।

বিবৃতিতে বেরসে বলেন, রোহিঙ্গাদের সহায়তায় সুইজারল্যান্ড এর আগে ৮০ লাখ ফ্রাংক দিয়েছে। এ দফায় আমরা আরও ১২ মিলিয়ন ফ্রাংক দেবো বিপদগ্রস্ত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায়।

তিনি রোহিঙ্গাদের দেখার জন্য কক্সবাজার যাবেন বলেও জানান বিবৃতিতে।

রোহিঙ্গা শরণার্থী

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে সুইস প্রেসিডেন্ট বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সফর আমাদের দুই দেশের সম্পর্ককে আরও সংহত করবে বলে আশা করছি।"

প্রধানমন্ত্রী এর আগে আজ দুপুর ২টা ৫৫ মিনিটে তাঁর কার্যালয়ের টাইগার গেটে ফুলের তোড়া দিয়ে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান।

বারসে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করতে ৪ দিনের সরকারি সফরে রোববার ঢাকা পৌঁছেন। ওইদিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের মধ্যদিয়ে সুইস প্রেসিডেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে সুইস প্রেসিডেন্ট আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। #

পার্সটুডে/আশরাফুর রহমান/৫