খালেদার শাস্তি লজ্জাজনক- কামরুল : তিনগুণ জনপ্রিয়তা বেড়েছে- জয়নুল
-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বাংলাদেশের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, 'রাজনীতিবিদ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলায় শাস্তি হওয়া আমাদের জন্য লজ্জাজনক।'
আজ (সোমবার) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি চেয়াপারসনের ৫ বছরের কারাদণ্ড প্রমাণ করে অপরাধীর কোনো ক্ষমা নেই।
মন্ত্রী উল্লেখ করেন, এ মামলা গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রুজু হয়েছে। নির্বাচনের মাঠ গরম করে সরকারকে অস্থিতিশীল করতে তারা এতদিন মামলাটিকে দীর্ঘায়িত করেছেন।
তারেক জিয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব দেয়া প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, ফেরারি আসামি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। তবে বিএনপির সব নেতা-কর্মী দুর্নীতিবাজ নয়। দেশপ্রেমিক কিছু ভালো মানুষ আছেন। যারা বিএনপির বর্তমান নেতৃত্ব মেনে নেবেন না।
খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা তা নিশ্চিত করবেন আদালত। নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে শেখ হাসিনার সরকারের অধীনে অংশগ্রহন করতে হবে। তবে এ বিষয় নিয়ে বা যে কোনো ইস্যু নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার ও প্রশাসন কোনোভাবেই তা সহ্য করবে না।
‘খালেদা জিয়াকে কারাগারে নেয়ায় তিনগুণ জনপ্রিয়তা বেড়েছে’
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেয়ায় আগের তুলনায় তার তিনগুণ জনপ্রিয়তা বেড়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সাবেক এই প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন কারাগারে রাখার জন্য বিভিন্ন মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আজ (সোমবার) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পাঁচ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে এ কথা বলেন জয়নুল আবেদীন।
তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্তি না দেয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও মনে করেন এ রায় সঠিক হয়নি।
জয়নুল আবেদীন বলেন, আমরা শুধু রায়ের সত্যায়িত কপির জন্য অপেক্ষা করছি। সেটা হাতে পেলেই আপিল এবং জামিনের জন্য আবেদন করব।
এ সময় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদলসহ আরও অনেকে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১