খালেদা জিয়ার জরিমানা স্থগিত, জামিন শুনানি রোববার পর্যন্ত মূলতবি
-
আদালতে খালেদা জিয়া (ফাইল ফটো)
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার রায়ের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করেছে আদালত। সেইসঙ্গে নিম্ন আদালতের জরিমানার বিষয়টি স্থগিত ও ১৫ দিনের মধ্য মামলার নথি হাইকোর্ট জমা দেয়া নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে শুনানি আগামী রোববার পর্যন্ত মূলতবি করেন আদালত।
আজ (বৃহস্পতিবার) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সকাল সাড়ে ১০টার দিকে আপিলের শুনানি শুরু হয়। খালেদা জিয়ার আইনজীবীরা আপিল গ্রহণের জন্য আবেদন জানালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রস্তুতির জন্য দুই ঘণ্টা সময় চান। আদালত তখন দুপুর ১২টায় শুনানি শুরুর আদেশ দেন।
শুনানিতে জামিনের বিরোধিতা করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে সময়ের আবেদন করা হলে আদালত বলেন, "সাত বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত যেকোনো ব্যক্তিকে এই আদালত জমিন দিতে পারেন। খালেদা জিয়া পাঁচ বছরের জন্য সাজা পেয়েছেন। তাই তাকে আদালত জামিন দিতে পারেন। তারপর তিনি নারী ও বয়স্ক, তিনি জামিন পেতে পারেন।"
এরআগে, জামিনের বিরোধিতা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এদিকে, সকালে খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। এ আবেদনে ৩১টি যুক্তি তুলে ধরা হয়।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় বিশেষ আদালত। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়। গত সোমবার খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২২