'তমব্রু সীমান্তে ভারী অস্ত্রসহ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মিয়ানমার'
https://parstoday.ir/bn/news/bangladesh-i53781-'তমব্রু_সীমান্তে_ভারী_অস্ত্রসহ_অতিরিক্ত_সেনা_মোতায়েন_করেছে_মিয়ানমার'
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তমব্রু পয়েন্টে ভারী অস্ত্রশস্ত্রসহ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মিয়ানমার। বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও তারা তাতে সাড়া দেয়নি। এ নিয়ে আতঙ্কে আছেন সীমান্তে অবস্থানরত রোহিঙ্গারা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ০১, ২০১৮ ১৭:০০ Asia/Dhaka

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তমব্রু পয়েন্টে ভারী অস্ত্রশস্ত্রসহ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মিয়ানমার। বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও তারা তাতে সাড়া দেয়নি। এ নিয়ে আতঙ্কে আছেন সীমান্তে অবস্থানরত রোহিঙ্গারা।

আজ বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পিলখানায় এক সংবাদ সম্মেলনে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুল হক জানান, তমব্রু সীমান্তে ৩৪ ও ৩৫ পিলারের মাঝামাঝি এলাকায় নিজেদের অংশের প্রায় দেড়শ’ গজের মধ্যে ভারী অস্ত্রসহ অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে মিয়ানমার। বেশ কিছু মিলিটারি প্যাটার্নের পিকআপের ট্রাক-লরির মাধ্যমে তারা সেখানে ভারী অস্ত্র স্থাপন করেছে। বিষয়টি গভীর পর্যবেক্ষণে রেখে বিজিবি’র শক্তি বৃদ্ধি করা হয়েছে। এ ঘটনায় জরুরি পতাকা বৈঠক আহ্বানের পাশাপাশি প্রতিবাদ পাঠিয়েছে বিজিবি।

রোহিঙ্গা শরণার্থী

'রোহিঙ্গারা আতঙ্কে'

মিয়ানমারের অতিরিক্ত সেনা মোতায়েনের ঘটনায় পালিয়ে আসা রোহিঙ্গারা আতঙ্কে আছেন বলে জানিয়েছেন, রোহিঙ্গা এডুকেশন ডেভেলপমেন্ট কর্মসূচির সাধারণ সম্পাদক জমির উদ্দিন। ঘটনাস্থলে ঘুরে আসার কথা জানিয়ে তিনি বলেন, ১০ থেকে ১৫ টি সেনাবাহী গাড়ি সীমান্তে এসেছে। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে এসেছে। সেখানে তার মারমুখী অবস্থান নিয়েছে। সীমান্তে থাকার রোহিঙ্গাদের ওপর ঢিল নিক্ষেপ করেছে। মাইকিং করে বাংলাদেশে চলে আসার জন্য বলছে। এ কারণে অত্যন্ত আতঙ্কে আছে সীমান্তে ক্যাম্পে অবস্থান নেয়া সাড়ে তিন থেকে চার হাজার রোহিঙ্গা নারীপুরুষ। জীবন বাচাতে তারা বাংলাদেশ অংশ সরে এসেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

বিজিবি সতর্ক আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এদিকে, রোহিঙ্গারা নিজ দেশে ঢুকবে মনে করে মিয়ানমারের সেনাবাহিনী সীমান্তে শক্তি প্রদর্শন করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র তিনি আরও জানান, বিজিবি সতর্ক আছে কেউ ট্রেসপাস করবে, দেশের ভেতরে এসে বিশৃঙ্খলা করবে, এটা সম্ভব না

গত ২৪ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর হামলার মুখে প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। তার মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের তমব্রু কোনারপাড়ার নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নেয় সাড়ে ছয় হাজার রোহিঙ্গা।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১