উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের নির্দেশ খালেদা জিয়ার
https://parstoday.ir/bn/news/bangladesh-i54063-উস্কানিতে_পা_না_দিয়ে_শান্তিপূর্ণ_আন্দোলনের_নির্দেশ_খালেদা_জিয়ার
বাংলাদেশ সরকারের কোনোপ্রকার উস্কানিতে পা না দিয়ে নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমি সুস্থ আছি, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৭, ২০১৮ ১৪:৫৪ Asia/Dhaka
  • জেলগেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম
    জেলগেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম

বাংলাদেশ সরকারের কোনোপ্রকার উস্কানিতে পা না দিয়ে নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমি সুস্থ আছি, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান।

আজ (বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তার এই নিদের্শনার কথা গণমাধ্যমকর্মীদের জানান।

তিনি আরও বলেন, কারাগারে খালেদা জিয়ার মনোবল অত্যন্ত উঁচু রয়েছে। তিনি সব ধরনের পরিস্থিতি সাহসিকতার সঙ্গে মোকাবেলা করছেন। দেশের জন্য যেকোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন তিনি। একদিন সত্য প্রতিষ্ঠিত হবেই বলে বিশ্বাস করেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান বিএনপির স্থায়ী কমিটির ৭ সদস্য ও একান্ত সচিব

মির্জা ফখরুল বলেন, সরকার নানা ছলচাতুরির মাধ্যমে তার জামিন পেছাচ্ছেন। আইনি ও রাজনৈতিকভাবে আমরা এসব মোকাবেলা করব।‌

শান্তিপূর্ণ কর্মসূচি থেকে নেতাদের গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তারা (পুলিশ) আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ইচ্ছাকৃতভাবে উস্কানি দিচ্ছে। খালেদা জিয়া এ ধরনের উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে বলেছেন।

বেগম খালেদা জিয়া

বুধবার দুপুর ৩টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান বিএনপির স্থায়ী কমিটির ৭ সদস্য ও একান্ত সচিব। সাক্ষাৎ শেষে বিকেল ৪টা ৩৫ মিনিটে কারাফটক থেকে বেরিয়ে আসেন। এই দলে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৭